
হবিগঞ্জে ট্রেনের ইঞ্জিনে আগুন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় একটি ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। আজ রোববার বিকেল ৫টার পর সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেসের এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।
চরচা প্রতিবেদক

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেওয়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে একটি খবর আজ রোববার রাতে বিভিন্ন সংবাদমাধ্যমে এসেছে। যদিও এ নিয়ে বিএনপির বা সরকারের দায়িত্বশীল কেউ সুস্পষ্ট কোনো বক্তব্য দেননি। আর প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলছেন, এ ধরনের কিছু ঘটেনি।
দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত খবরে বলা হয়েছে, আজ রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানেই তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্র থেকে জানা গেছে। তবে রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে সরকারের দায়িত্বশীল কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এ নিয়ে চরচা বিএনপির শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করে। কিন্তু কারও কাছ থেকেই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত থাকা একাংশের দাবি এবং গুঞ্জন যে, এমন একটি সিদ্ধান্ত হয়েছে। তবে মন্ত্রিসভায় উপস্থিত থাকা সরকারের দুজন মন্ত্রী আবার চরচাকে জানিয়েছেন, এমন কোনো সিদ্ধান্ত বা আলোচনা বৈঠকে হয়নি। বৈঠক শেষে এমন সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিতেও পারেন; তবে তা তাদের জানা নেই।
এ বিষয়ে জানতে চাওয়া হয় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের কাছ থেকেও। চরচাকে তিনি বলেন, “আমি দয়া করে সবাইকে অনুরোধ জানাচ্ছি যে, এ বিষয়টিকে আপনারা অবশ্যই গুজব হিসেবে ধরবেন। এর কোনো সত্যতা এখনো নেই। এ রকম কোনো সিদ্ধান্ত যদি দল থেকে নেয়, তবে সেটি কোনো লুকোছাপা ছাড়া জানানো হবে।”
এদিকে রোববার রাতেই এ ধরনের খবর প্রকাশের প্রতিবাদ জানিয়ে সংবাদমাধ্যমে একটি প্রতিবাদ পাঠিয়েছে ইশরাক হোসেনের প্রেস বিভাগ। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা স্বাক্ষরিত এই প্রতিবাদে বলা হয়, “আজ ১৮ অক্টোবর ২০২৬ (রবিবার) বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেনের ‘পদত্যাগ’ বা ‘তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে’ মর্মে যে সংবাদটি প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।”
এতে বলা হয়, “প্রকৃত সত্য এই যে, মাননীয় প্রতিমন্ত্রী তার সরকারি ও রাজনৈতিক দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে পালন করে যাচ্ছেন। সরকারের উচ্চপর্যায় থেকে তাকে পদত্যাগের কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং তার পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না। একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং জনসাধারণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে এই ধরনের কাল্পনিক ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে।”
প্রেস বিজ্ঞপ্তিতে জনপরিসরে অস্ত্র প্রদর্শনের জন্য সমালোচিত হওয়ার বিষয়েও বক্তব্য দেওয়া হয়। এতে বলা হয়, “গতকাল নিজ সংসদীয় আসনে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে কেবল আত্মরক্ষার্থে আইনসম্মতভাবে অস্ত্র প্রদর্শনের যে ঘটনাটি ঘটেছিল, তা নিয়ে মাননীয় প্রতিমন্ত্রী ইতিপূর্বেই তাঁর অবস্থান পরিষ্কার করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে তাঁর পদত্যাগ সংক্রান্ত যে কোনো খবর ছড়ানো সম্পূর্ণ বেআইনি ও সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। আমরা সংশ্লিষ্ট সকল গণমাধ্যম ও দেশবাসীকে এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।”
বিজ্ঞপ্তিতে এ সম্পর্কিত ‘বিভ্রান্তিকর খবর’ যারা প্রকাশ করেছে, তাদেরকে অবিলম্বে তা প্রত্যাহার করে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানানো হয়। না হলে ‘অপপ্রচারকারীদের’ বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়।
শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে নামেন ইশরাক হোসেন। তার সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও অস্ত্র ছিল। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ নিয়ে বিএনপি ও সরকারের ভেতরেও অস্বস্তি ও অসন্তোষ তৈরি হয়।

হবিগঞ্জে ট্রেনের ইঞ্জিনে আগুন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় একটি ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। আজ রোববার বিকেল ৫টার পর সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেসের এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।

শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভার নীতিগত অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সিদ্ধান্তের পর স্থাপত্য অধিদপ্তর শেরেবাংলা নগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পুরোনো মাঠে নতুন সচিবালয়ের একটি প্রাথমিক নকশা তৈরি করে। লুই আই কানের মাস্টার প্ল্যানের সঙ্গে সামঞ্জস্য রেখে নকশাটি করা হয়েছে।

আত্মসমর্পণ করে কারাগারে সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা ‘বগা’
চাঁদাবাজির মামলায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়াকিল হোসেন বগাকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। আজ রোববার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মনিরুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করেন বগা।

অস্ত্রোপচারের পর প্রথম প্রকাশ্য অনুষ্ঠানে পোপ লিও
রোববার ভ্যাটিকানের অ্যাপোস্টলিক প্রাসাদের একটি জানালা থেকে নিচে সমবেত তীর্থযাত্রীদের উদ্দেশে কথা বলেন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া পোপ লিও। এ সময় তার মুখে ছিল হাসি এবং কণ্ঠ ছিল দৃঢ় ও স্পষ্ট।