আসিয়ানের সম্মেলনগুলোতে পূর্ণ প্রতিনিধিত্বের সুযোগ না দেওয়ায় বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে আঞ্চলিক জোটটির সিদ্ধান্তকে ‘অন্যায্য ও ভারসাম্যহীন’ বলে অভিহিত করেছে মিয়ানমারের সেনাসমর্থিত সরকার।
মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ানের ৪৯তম শীর্ষ সম্মেলনে গৃহীত সিদ্ধান্তে দেশটির নেওয়া ইতিবাচক পদক্ষেপগুলোর যথাযথ প্রতিফলন ঘটেনি বলে তারা মনে করে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সম্মেলনে আসিয়ান নেতারা বলেন, অভ্যুত্থান-পরবর্তী সংকট নিরসনে প্রণীত পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নে মিয়ানমার অগ্রগতি অর্জন করলে দেশটিকে ধীরে ধীরে পূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্ব ফিরিয়ে দেওয়া হতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আসিয়ানের সম্মেলনগুলো থেকে মিয়ানমারকে বাদ দেওয়ার বিষয়টিকে বৈষম্যমূলক বলে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়, মিয়ানমারের মতামত প্রায়ই উপেক্ষা করা হয়েছে এবং দেশটির সমান অধিকার ও পূর্ণ প্রতিনিধিত্বের সুযোগ কেড়ে নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও দাবি করা হয়, মিয়ানমারে কোনো ‘রাজনৈতিক বন্দী’ নেই। অভ্যুত্থানের পর থেকে ১ লাখ ২৬ হাজারের বেশি বন্দীকে ক্ষমা বা সাধারণ ক্ষমা দেওয়া হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।
তবে জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলোর দাবি, অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে হাজার হাজার রাজনৈতিক বন্দীকে কারাগারে আটক রাখা হয়েছে।
সেনাসমর্থিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইং গত বুধবার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে আসিয়ানের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক নতুন করে পর্যালোচনার কথা জানান। তবে সদস্যদেশগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রাখবেন বলেও উল্লেখ করেন তিনি। তার ওই বক্তব্যের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতি এলো।
নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চির নির্বাচিত সরকারকে সামরিক বাহিনী ক্ষমতাচ্যুত করার পর থেকেই মিয়ানমারে অস্থিরতা চলছে। এর জেরে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এ সংঘাতে ১ লাখ মানুষের মৃত্যু হয়েছে এবং ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।