জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি আধিপত্যবাদের গোলামকে লালকার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিএনপির সব কার্ড ভুয়া। এই কার্ডকেও ১২ তারিখ জনগণ লাল কার্ড দেখাবে।
আজ রোববার সকালে বাড্ডায় ঢাকা-১১ আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের জনসভায় এসব মন্তব্য করেন তিনি।
জামায়াতের আমির বলেন, ‘‘৪৭ ও ৭১ এ জাতির আকাঙ্খা পূরণ হয়নি। ২৪-এ সাধারণ দাবিকে দমন করতে গিয়ে জুলাই আগস্ট ঘটে। ৫ আগস্ট আওয়ামী জাহেলিয়াত থেকে জাতি মুক্তি পায়। কিন্তু ৬ আগস্ট থেকে জাতির ওপর আরেক জালেম চড়াও হয়েছে।’’
জামায়াতের আমির দাবি করেন, ‘‘১৭ বছরের পলাতকেরা এখন মামলা বাণিজ্য করছে। ভিক্ষুকদের কাছ থেকেও এরা চাঁদা নেয়। ৫৯ জন ব্যাংক ডাকাতকে মনোনয়ন দেওয়া বিএনপির দুর্নীতি দমনের গল্প শুনে পেঁচাও হাসবে।’’
নির্বাচনে জয়ী হলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণাও দেন জামায়াতের আমির। তিনি বলেন, ‘‘নাহিদদের বিমানের সামনে ককপিটে রেখে পেছনে থাকবে জোটের নেতারা। জামায়াত জোট কোনো ভুলভাল আশ্বাস দেবে না। যা আছে তাই দিয়ে দেশ গড়বে।’’