খুলনা নর্থ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. আজমুল হোসেন হত্যা মামলার অন্যতম অভিযুক্ত হাসনাত হাবিব রিফাতকে (৩০) গেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
গতকাল সোমবার রাত আড়াইটার দিকে এসআরবি-৬ ও ৮ এর যৌথ আভিযানে তাকে পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার কুড়িয়ানা আদাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
রিফাত খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। সে ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের (এফএমআরটি) ১৬ তম ব্যাচের ছাত্র ছিলেন।
এসআরবি ৬ এর অধিনায়ক মো. নিস্তার আহমেদ চরচকে জানান, খুলনার বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আজমুল হোসেন হত্যা মামলার অন্যতম অভিযুক্ত আসামি রিফাত। ঘটনার পর সে পালিয়ে যান। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আড়াইটার দিকে খুলনা ও বরিশাল এসআরবি’র যৌথ অভিযানে পিরোজপুর জেলার নেছারাবাদ থানাধীন কুড়িয়ানা আদাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নিস্তার আহমেদ আরও জানান, অভিযুক্ত রিফাত এসআরবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজমুল হত্যাকান্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছেন এসআরবির সদস্যরা। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রিফাতকে হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে ১৯ সেপ্টেম্বর শনিবার রাতে নিহত আজমুল হোসেনের বাবা কুতুবউদ্দিন বাদী হয়ে নগরীর হরিণটানা থানায় মামলাটি করেন। মামলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে এজাহারভুক্ত আসামি করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২০ থেকে ২৫ জনকে।
মামলার এজাহারে বলা হয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের (খাজা হল) বিপরীত পাশে ইসলামনগর সড়কের মসজিদ গলির একটি মেসে চুরির অভিযোগে আজমুলকে মারধর করা হয়। একপর্যায়ে চার তলার ছাদ থেকে পড়ে যান তিনি। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।