Advertisement

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন-ভাঙচুর

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন-ভাঙচুর
গাজীপুরে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে ফের পুলিশের সংঘর্ষ হয়েছে। ছবি: ইউএনবি

গাজীপুরে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে ফের পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া আরও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

Advertisement

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, আজ বুধবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

শিল্প পুলিশ জানিয়েছে, গাজীপুর সদরের মালেকের বাড়ি এলাকা থেকে সাইনবোর্ড পর্যন্ত বিভিন্ন সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এ সময় তাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন দেয় এবং আরও কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

Advertisement

এদিকে সড়ক অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

ইউএনবি জানিয়েছে, শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের গাছা ও বাসন এলাকার অনেক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। বোর্ডবাজার থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত শিল্পাঞ্চলের এসব এলাকায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধেরও চেষ্টা করেন।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আরও বিশৃঙ্খলা এড়াতে ওই এলাকার আটটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ও কারখানার আশপাশে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শিল্প পুলিশ ও স্থানীয় পুলিশের পাশাপাশি এলাকায় বিজিবির ১৩ প্লাটুন সদস্য, আনসার এবং স্পেশাল রিজার্ভ ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।