যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ‘দ্য ডিপ্লোম্যাট’ বাংলাদেশের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আজ একটি বিশ্লেষণ প্রকাশ করেছে। এতে এবারের ভোটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
‘অ্যান ইন্টারভিউ উইথ তারেক রহমান–লাইকলি বাংলাদেশ’স নেক্সট প্রাইম মিনিস্টার’ শীর্ষক আর্টিকেলে নির্বাচনের আগে পরিচালিত একাধিক জনমত জরিপের তথ্য উল্লেখ করা হয়, যেখানে তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরা হয়েছে।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে ব্লুমবার্গ, টাইম ও দ্য ইকোনমিস্টসহ বৈশ্বিক সংবাদমাধ্যমগুলো তারেক রহমানকে শীর্ষ প্রার্থী হিসেবে উল্লেখ করার পর দ্য ডিপ্লোম্যাট এবার তাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আখ্যায়িত করল।
প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরে পরিচালিত একটি জনমত জরিপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতি সমর্থন প্রায় ৭০ শতাংশ, আর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর সমর্থন ১৯ শতাংশ।
বেসরকারি প্রতিষ্ঠান ইনোভেশন কনসালটিং পরিচালিত আরেকটি জরিপে দেখা যায়, ৪৭ শতাংশের বেশি মানুষ এখন তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন। ২২ দশমিক ৫ শতাংশ জামায়াতে ইসলামীর প্রধান ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন বলে প্রত্যাশা করছেন।
দ্য ডিপ্লোম্যাট পর্যবেক্ষণে বলেছে, ‘জেন জেড’ হিসেবে পরিচিত তরুণ ভোটাররা ভোটের ক্ষেত্রে বড় সিদ্ধান্তমূলক ভূমিকা রাখবে। এবারের নির্বাচনে ভোটারদের একটি বড় অংশ জেন জেড। বাংলাদেশের তরুণরাই এবার পরবর্তী প্রধানমন্ত্রী নির্ধারণ করবে।
এতে আরও বলা হয়, জেন জেড-এর অনেক ভোটার বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছে, বিশেষ করে যেগুলোর নেতৃত্ব দিচ্ছেন দলীয় চেয়ারম্যান তারেক রহমান।