জুলাই সনদের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচন আয়োজনসহ কয়েক দফা দাবিতে বৃহস্পতিবার থেকে মাঠে নামছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সাতটি দল। বৃহস্পতিবার প্রথম দিনের কর্মসূচিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে দলগুলো।
বিক্ষোভের আগে বায়তুল মোকাররম ও জাতীয় প্রেস ক্লাবসহ আশপাশের এলাকায় দলগুলো সংক্ষিপ্ত সমাবেশ করবে।
বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচি চলবে। তিন দিনের অভিন্ন কর্মসূচি দলগুলো পৃথকভাবে পালন করবে। কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলগুলো।
জামায়াত ও ইসলামী আন্দোলন ছাড়া অন্য দলগুলো হলো- বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
তিন দিনের কর্মসূচির প্রথম দিনে বৃহস্পতিবার ঢাকায়, শুক্রবার বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সব জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে দলগুলোর।
কর্মসূচির সময় ও স্থান
- জামায়াতে ইসলামী: বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম দক্ষিণ ফটকে সমাবেশ, পরে বিক্ষোভ মিছিল শাহবাগ পর্যন্ত যাবে।
- ইসলামী আন্দোলন বাংলাদেশ: জোহরের নামাজের পর বায়তুল মোকাররম উত্তর প্রাঙ্গণে মিছিল, নেতৃত্বে থাকবেন নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
- বাংলাদেশ খেলাফত মজলিস (মামুনুল হকের নেতৃত্বে): আসরের নামাজের পর বায়তুল মোকাররম উত্তর ফটকে মিছিল।
- খেলাফত মজলিস (আহমদ আবদুল কাদেরের নেতৃত্বে): বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ।
- বাংলাদেশ খেলাফত আন্দোলন: বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ।
- নেজামে ইসলাম পার্টি: বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাব এলাকায় কর্মসূচি।
- জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা): বিকেল সাড়ে ৪টায়, বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল।
বিক্ষোভের কারণে রাজধানীর কেন্দ্রস্থলে তীব্র যানজট সৃষ্টি হতে পারে। তবে, দলগুলো জানিয়েছে, বিসিএস পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে, সেজন্য তারা বিক্ষোভ কর্মসূচি বিকেল ৪টার পর শুরু করবে।
কী দাবি
দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু, নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারী শক্তির দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ।
যদিও প্রতিটি দল আলাদাভাবে পাঁচ থেকে সাত দফা কর্মসূচি ঘোষণা করেছে, তবে তাদের মূল দাবিগুলো একইরকম।