Advertisement Banner

আমরা আমাদের কাজ দিয়েই বেহেশতে যাব: মির্জা ফখরুল

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
আমরা আমাদের কাজ দিয়েই বেহেশতে যাব: মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বাসস

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বার্তা সংস্থা বাসস জানায়, আজ সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলারহাটে নেহা নদীর খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “কিছু নেতা আমাদেরকে বেহেশতে নেওয়ার টিকিট দিতে চাইলেও, তারা তো বেহেশতে নিতে পারেন না। ইনশাআল্লাহ আমরা আমাদের কাজ দিয়েই বেহেশতে যাব।”

এলজিআরডি মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় শুরু হওয়া খাল খনন কর্মসূচির ধারাবাহিকতা বজায় রেখে বর্তমান সরকার আবারও এ উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে কৃষকদের পানির সংকট দূর করে কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

মির্জা ফখরুল আরও বলেন, ইতোমধ্যে কৃষকদের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। খাল খননের মাধ্যমে কৃষি খাতে প্রাকৃতিক সমাধান নিশ্চিত করা হচ্ছে।

এলজিআরডি মন্ত্রী বলেন, “আজ তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার অল্প সময়ের মধ্যেই জনগণের কাছে দেওয়া তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।”

মির্জা ফখরুল প্রশাসনের উদ্দেশে বলেন, “দয়া করে আল্লাহর ওয়াস্তে, এই কর্মসূচি বাস্তবায়নে কোনো দুর্নীতির আশ্রয় নেবেন না।”

অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত