রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেন জিততে পারবে না বলে মনে করেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বিশ্বাস করেন, রাশিয়াকে পরাজিত করতে পারার মতো ‘সক্ষমতা’ ইউক্রেনে আছে।
স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের কোনো সম্ভাবনা এখনো অবশিষ্ট আছে কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘‘তারা (ইউক্রেন) জিততে পারত। আমার মনে হয় না তা তারা পারবে, কিন্তু তারা চাইলে এখনও তা পারে।”
চলতি বছরের শুরুতে আমেরিকার প্রেসিডেন্টের শপথ গ্রহণ শেষে ট্রাম্প জানিয়েছিলেন, আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুর মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানকে অগ্রাধিকার দেবেন তিনি। ক্ষমতায় আসার পর তিনি বেশ কয়েকবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু এখন পর্যন্ত এ ইস্যুতে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি।