Advertisement

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ফুকেটে ভবনে আগুন, নিহত ১১

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ফুকেটে ভবনে আগুন, নিহত ১১
ছবি: ইউএনবি

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ফুকেটে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে।

Advertisement

স্থানীয় সরকারের কর্মকর্তারা জানান, রাত ২টার দিকে ফুকেটের ওই ভবনে আগুনের সূত্রপাত হয়। ভবনটির নিচতলায় মোটরসাইকেল ভাড়ার দোকান এবং ওপরের তলাগুলোতে আবাসিক কক্ষ রয়েছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ ঘটনায় আরও ১৭ জন সামান্য আহত হয়েছে।

বার্তা সংস্থা এপির বরাতে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

Advertisement

ফুকেট পুলিশের কমান্ডার সুরাচাই সুকসাই বলেন, আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, আগুন লাগার কিছুক্ষণ আগে ভবনটির কাছে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে।

ফুকেটের গভর্নর চোডনারিন কোয়েডসম বলেন, মোটরসাইকেল ভাড়ার দোকানটিতে প্রায় ১০০টি মোটরসাইকেল ছিল। সেখানে গ্যাস, ইঞ্জিন অয়েল, প্লাস্টিকসামগ্রী ও টায়ারও মজুত ছিল। এসব দাহ্য পদার্থ আগুন দ্রুত ছড়িয়ে পড়া এবং ঘন বিষাক্ত ধোঁয়া সৃষ্টির কারণ হয়ে থাকতে পারে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, আগুন থেকে বাঁচতে হতাহত ব্যক্তিরা ভবনের ওপরের তলাগুলোর দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন। তৃতীয় তলা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি ১০ জনের মরদেহ পাওয়া গেছে পঞ্চম তলায়।

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের একটি দ্বীপে অবস্থিত ফুকেট দেশটির অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র।