আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে ইরান। আজ বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।
গত মার্চের শেষের দিকে আর্জেন্টিনা ইরানের সামরিক বাহিনীর আদর্শিক শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে আইআরজিসির সমর্থন দেওয়ার অভিযোগে এ পদক্ষেপ নেয় বুয়েনস আইরেস।
তেহরান থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপির পাঠানো খবরের বরাতে বার্তা সংস্থা বাসস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
আর্জেন্টিনার দাবি, ১৯৯৪ সালে বুয়েনস আইরেসে ইহুদি ধর্মাবলম্বীদের এএমআইএ কেন্দ্রে হামলায় আইআরজিসি জড়িত ছিল। ওই হামলায় ৮৫ জন নিহত এবং কয়েক শ মানুষ আহত হয়।
২০১৯ সালে ইরান একটি আইন পাস করে। ওই আইনে দেশটির সামরিক বাহিনীকে কোনো রাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করলে সংশ্লিষ্ট রাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমানবাহিনীকে উল্লিখিত আইন ও এর বিধানের আওতাভুক্ত বলে বিবেচনা করছে তেহরান। একই সঙ্গে বাহিনী দুটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।”
তবে এ ঘোষণার ফলে বাস্তবে কী ধরনের প্রভাব পড়বে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
চলতি মাসের শুরুতে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই৬-কে শত্রুভাবাপন্ন গোষ্ঠী এবং দেশটির রাজকীয় নৌবাহিনী ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে ইরান।
গত জুলাইয়ে যুক্তরাজ্য আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছিল।