Advertisement

রাজশাহীর গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপ

রাজশাহীর গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপ
রাজশাহীতে গ্রামীণ ব্যাংক লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। ফাইল ছবি: চরচা

রাজশাহী নগরীর বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের সমন্বিত জোনাল ও এরিয়া অফিস লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

Advertisement

গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে মোটরসাইকেলে এসে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ব্যাংক ভবনের নিচতলায় পরপর দুটি পেট্রল বোমা নিক্ষেপ করে। এতে ভবনের কাচের ফিটিং ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

গ্রামীণ ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আ. ক. ম. শামসুদ্দোহা জানান, গত দেড়টার দিকে রাস্তা থেকে দুর্বৃত্তরা ভবনের নিচতলায় অবস্থিত এরিয়া অফিসের বারান্দার জানালায় পেট্রল বোমা নিক্ষেপ করে। এতে সেখানে আগুন ধরে যায়।

শামসুদ্দোহা জানান, ঘটনার সময় অফিসের ভেতরে একজন পিয়ন ও সামনে একজন নৈশপ্রহরী ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে পিয়ন টের পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। আগুনে অফিসের বড় কোনো ক্ষতি না হলেও দুটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহমখদুম জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) দীন মোহাম্মদ বলেন, পেট্রল বোম নিক্ষেপ কারীদের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও তিনি নিশ্চিত করেন।

বনলতা আবাসিক এলাকার ওই ভবনের ওপরের তলায় অডিট অফিস, মাঝের তলায় জোনাল অফিস এবং নিচতলায় এরিয়া অফিস অবস্থিত। এই জোনাল অফিসের অধীনে তিনটি জেলা ও নওগাঁর একটি থানাসহ মোট ৮২টি শাখা এবং ৮টি এরিয়া অফিস পরিচালিত হয়।

শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী বলেন, ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে তারা ব্যাংক ভবনকে লক্ষ্যবস্তু করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।