Advertisement

ঈদ উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতিতে পাকিস্তান-আফগানিস্তান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ঈদ উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতিতে পাকিস্তান-আফগানিস্তান

দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা ও সম্প্রতি কাবুলে ভয়াবহ প্রাণঘাতী হামলার পর ঈদুল ফিতর উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হয়ে এই বিরতি ২৪ মার্চ মধ্যরাত পর্যন্ত মোট পাঁচ দিন কার্যকর থাকবে।

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার বলেন, ‘ভ্রাতৃপ্রতিম ইসলামী দেশ’ সৌদি আরব, কাতার এবং তুরস্কের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তবে পাকিস্তান সতর্ক করে বলেছে, এই সময়ের মধ্যে যদি কোনো আন্তঃসীমান্ত হামলা, ড্রোন হামলা বা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে, তাহলে তারা আবারও পূর্ণ শক্তিতে সামরিক অভিযান শুরু করবে।

Advertisement

এই ঘোষণার কিছুক্ষণ পরেই আফগানিস্তানের তালেবান সরকারও পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। দেশটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ তথ্য জানিয়েছেন।

এমন সময়ে এই সংঘাত স্থগিতের ঘোষণা এলো যার মাত্র চার দিন আগে আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান সরকার। এই ঘটনায় কমপক্ষে ২৫০ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে তারা।

তবে আফগান সরকারের এ অভিযোগ অস্বীকার করে একে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে পাকিস্তান সরকার। কাবুলে কোনো হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি বলে দাবি করেছে তারা।