Advertisement

রমজানের খেজুর আমদানিতে মধ্যস্বত্বভোগী কমাতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

রমজানের খেজুর আমদানিতে মধ্যস্বত্বভোগী কমাতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি। ছবি: চরচা

রমজান সামনে রেখে খেজুরের সরবরাহ বাড়ানোর পাশাপাশি আমদানির উৎস বৈচিত্র্যপূর্ণ করতে চায় সরকার। এ লক্ষ্যে আলজেরিয়ার সরকারি ও বেসরকারি খাত থেকে সরাসরি খেজুর আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে আমদানি প্রক্রিয়ায় মধ্যস্বত্বভোগীর সংখ্যা কমিয়ে তুলনামূলক সাশ্রয়ী দামে ভোক্তাদের কাছে খেজুর পৌঁছানোর সম্ভাবনা তৈরি হতে পারে। তবে আমদানি ব্যয় ও শুল্ক-কর যুক্ত হওয়ার পর খুচরা বাজারে দাম কতটা কমবে, তা এখনো স্পষ্ট নয়।

Advertisement

আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৈঠকে রমজানের কেনাকাটার চাপ শুরুর আগেই জানুয়ারির প্রথম দিকে দেশের খুচরা বাজারে পর্যাপ্ত খেজুর সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

Advertisement

বাণিজ্যমন্ত্রী বলেন, “ভোক্তারা সাধারণত জানুয়ারির মাঝামাঝি থেকেই রমজানের কেনাকাটা শুরু করেন। তাই জানুয়ারির শুরুতেই খুচরা বাজারে পর্যাপ্ত খেজুর পৌঁছানো জরুরি।”

বৈঠকে আলজেরিয়ার রাষ্ট্রদূত জানান, দেশটিতে এখন খেজুরের ভরা মৌসুম চলছে। বিপুল পরিমাণ খেজুর মজুত থাকায় বাংলাদেশে প্রতিযোগিতামূলক দামে সরবরাহের সুযোগ রয়েছে। এ বিষয়ে আলজেরিয়ার কৃষি মন্ত্রণালয় এরই মধ্যে একটি প্রস্তাব পাঠিয়েছে। দেশটির একটি বেসরকারি রপ্তানিকারক প্রতিষ্ঠানও পরিবহন খরচসহ প্রতি কেজি ২ থেকে ৫ মার্কিন ডলারে খেজুর সরবরাহের প্রস্তাব দিয়েছে। রাষ্ট্রদূতের মতে, আগামী সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করা গেলে ২০ থেকে ৩০ দিনের মধ্যে বাংলাদেশের বন্দরে খেজুরের চালান পৌঁছানো সম্ভব।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সরাসরি উৎস থেকে আমদানির উদ্যোগ বাস্তবায়িত হলে প্রচলিত আমদানি ব্যবস্থায় মধ্যস্বত্বভোগীর সংখ্যা কমানোর সুযোগ তৈরি হতে পারে। এতে আমদানি ব্যয় ও সরবরাহব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে আলজেরিয়ার প্রস্তাবিত দামে কী ধরনের খেজুর সরবরাহ করা হবে, আমদানির পরিমাণ কত হবে এবং শুল্ক-করসহ অন্যান্য খরচ যোগ করে বাজারে কত দামে বিক্রি করা সম্ভব হবে, সেসব বিষয় এখনো নিশ্চিত নয়।

এদিকে রমজানকে কেন্দ্র করে দেশের খেজুরের বাজারে চাহিদা বাড়ে। এ সময় আমদানির পাশাপাশি পরিবহন ও সরবরাহব্যবস্থার ওপরও বাজারদর নির্ভর করে। ফলে নতুন উৎস থেকে আমদানির উদ্যোগের পাশাপাশি আমদানিকারক ও ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা বাড়ানো এবং বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

বৈঠকে বাংলাদেশ ও আলজেরিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। পুরোনো বাণিজ্য চুক্তি নবায়ন এবং যৌথ অর্থনৈতিক কমিশন বা যৌথ বাণিজ্য কমিটি গঠনের বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে বলে জানানো হয়। এ ছাড়া বাংলাদেশের এফবিসিসিআই ও আলজেরিয়ার চেম্বার অব কমার্সের মধ্যে সরাসরি যোগাযোগ এবং নিয়মিত বৈঠকের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে আলজেরিয়ায় হালাল পণ্য রপ্তানির নতুন নিয়ম তুলে ধরেন দেশটির রাষ্ট্রদূত। আগামী ৩ থেকে ৭ ডিসেম্বর আলজেরিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক হস্তশিল্প মেলায় বাংলাদেশের কারুশিল্পী ও উদ্যোক্তাদের অংশগ্রহণের আমন্ত্রণও জানান তিনি।