Advertisement

‎ইইউর নতুন শর্ত পূরণে পোশাক কারখানাগুলোকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

‎ইইউর নতুন শর্ত পূরণে পোশাক কারখানাগুলোকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: মন্ত্রণালয়ের সৌজন্যে

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন বাণিজ্যিক ও পরিবেশগত শর্ত পূরণে এখন থেকেই কারখানাগুলোকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

Advertisement

আজ রোববার ঢাকার একটি হোটেলে ‘স্কিলস ফর সেলফ-মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স উইথ ক্লিন অ্যান্ড ফেয়ার প্রোডাকশন ইন দ্য টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি’ (এসসিএআইপি) প্রকল্পের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Advertisement

বাণিজ্যমন্ত্রী বলেছেন, “আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিরাপদ কর্মপরিবেশ, শ্রম অধিকার, পরিবেশ সুরক্ষা ও সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এ জন্য কমপ্লায়েন্সকে শুধু নিয়ম পালনের বিষয় হিসেবে না দেখে রপ্তানি প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে বিবেচনা করতে হবে।”‎

বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের নতুন নীতিমালা ও প্রবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে কারখানাগুলোকে সক্ষমতা বাড়াতে হবে বলে উল্লেখ করেন তিনি।

‎‎আব্দুল মুক্তাদির বলেন, “দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে বস্ত্র ও পোশাক খাত থেকে। লাখ লাখ মানুষের কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনীতিতেও এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে আন্তর্জাতিক ক্রেতা ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রত্যাশা এখন আগের চেয়ে অনেক বিস্তৃত। নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য শ্রম অনুশীলন, সম্পদের দায়িত্বশীল ব্যবহার এবং সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করা এখন রপ্তানি বাজারে টিকে থাকার অন্যতম শর্ত।”

‎

‎‎ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয়ে তিনি বলেন, “নীতিগত অগ্রাধিকার নির্ধারণ, প্রশাসনিক প্রক্রিয়া সহজ করা এবং লজিস্টিকস ব্যয় কমানোর বিষয়ে সরকার কাজ করছে। একই সঙ্গে লাইসেন্সিং, কমপ্লায়েন্স ও বন্দরসংক্রান্ত অনুমোদন প্রক্রিয়া দ্রুত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।”

‎

‎বাণিজ্যমন্ত্রী বলেন, “স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত যে বর্ধিত সময় পেয়েছে, তা কাজে লাগাতে হবে। এই সময়ের মধ্যে আন্তর্জাতিক বাজারে বিদ্যমান বাণিজ্য সুবিধা ধরে রাখার পাশাপাশি নতুন শর্ত পূরণে শিল্পকারখানাগুলোকে প্রস্তুত করতে হবে।”‎