পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগনের জন্য প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা খর্ব হবে বলে মন্তব্য করেছেন বিএনপিমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পাশাপাশি কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেটি আগামী সংসদের উপর ছেড়ে দেওয়া উচিত বলেও মনে করেন তিনি।
আজ সোমবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “হঠাৎ পিআর পদ্ধতির দাবি তুলে আন্দোলন করার বিষয়টি আমাদের কাছে পরিষ্কার নয়। বিষয়টি আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে। সেখানে সিদ্ধান্ত হবে পরবর্তী নির্বাচন কোন পদ্ধতিতে হবে। এখন পিআর দিলে জনগণ বুঝবেই না, এটা আসলে কী।”
বিএনপি উচ্চকক্ষে পিআর পদ্ধতি সমর্থন করে জানিয়ে মির্জা ফখরুল বলেন, “বিএনপি উচ্চকক্ষের কথা বলেছে। এটি নতুন অভিজ্ঞতা। কিন্তু নিম্নকক্ষে পিআর অবাস্তব।”
বিএনপি মহাসচিব বলেন, “আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে সত্যিকার অর্থে বাংলাদেশ অসাম্প্রদায়িক। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থার চেষ্টা চলছে।”
নির্বাচনকে বিঘ্ন করারও অপচেষ্টা চলছে- এমন শঙ্কার কথাও জানান বিএনপি মহাসচিব।
তিনি আরও বলেন, যারা বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছেন, তাদের অনেকেই এখন বাংলাদেশকে একটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার বিভিন্ন রকমের চেষ্টা চালাচ্ছে।”