আঞ্চলিক অর্থনৈতিক সম্মেলন এবং শীর্ষ নেতাদের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনে পৌঁছেছেন। তবে তার এই সফরের ঠিক আগমুহূর্তে রাশিয়ার দুটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম কৌশলগত বোমারু বিমান ভিয়েতনামে নেমেছে, যা পুরো এশিয়া অঞ্চলে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি করেছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আজ বুধবার ভোরে চীনের শেনজেন শহরে পৌঁছান পুতিন। সেখানে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক)–এর সম্মেলনের পাশাপাশি বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে তার ত্রিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে।
প্ল্যানেট ল্যাবসের স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, পুতিনের চীন সফরের এক দিন আগে মঙ্গলবার ভিয়েতনামের দা নাং আন্তর্জাতিক বিমানবন্দরে রাশিয়ার দুটি ‘টিইউ-৯৫এমএস’ কৌশলগত পারমাণবিক বোমারু বিমান এবং দুটি দূরপাল্লার পরিবহন বিমান অবতরণ করে। সোভিয়েত আমলের পর এই প্রথম ভিয়েতনামের মাটিতে রাশিয়ার পারমাণবিক বোমারু বিমান অবতরণ করল।
উচ্চপর্যায়ের এই কূটনৈতিক আলোচনার আগে মস্কোর এমন পদক্ষেপকে নিজেদের পারমাণবিক শক্তি ও বৈশ্বিক সক্ষমতা প্রদর্শনের কৌশল হিসেবে দেখা হচ্ছে। অর্থনীতি, প্রযুক্তিগত উদ্ভাবন ও বাণিজ্যের দিক থেকে রাশিয়া যুক্তরাষ্ট্র ও চীনের চেয়ে অনেক পিছিয়ে থাকলেও বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রভাণ্ডারের মালিকানা ধরে রেখেছে দেশটি। মূলত এই শক্তির ওপর ভর করেই বিশ্ব রাজনীতিতে নিজেদের গুরুত্ব বজায় রাখতে চাইছেন পুতিন।
এদিকে, এই অঞ্চলে রুশ সামরিক বিমানের আকস্মিক উপস্থিতিতে যুক্তরাষ্ট্রের এশীয় মিত্রদেশগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনোশিমা দ্বীপের কাছে আকাশসীমায় রুশ বিমান শনাক্ত হওয়ার পর জরুরি ভিত্তিতে যুদ্ধবিমান পাঠায় টোকিও এবং মস্কোর কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়।
অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে (এডিআইজেড) রুশ বিমান প্রবেশ করলে সিউলও পাল্টা যুদ্ধবিমান মোতায়েন করে। এছাড়া, তাইওয়ান জানিয়েছে, মঙ্গলবার দ্বীপটির পূর্ব দিকের আকাশসীমায় রাশিয়ার সামরিক বিমানের দুটি মহড়া শনাক্ত করা হয়েছে। তাইওয়ানের সামরিক বাহিনীর ভাইস চিফ অব জেনারেল স্টাফ জেনারেল হুয়াং চিহ-ওয়েই বলেন, রুশ বিমানের এমন তৎপরতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষুণ্ন করছে।
অবশ্য বোমারু বিমান অবতরণের বিষয়ে রাশিয়া বা ভিয়েতনাম কোনো পক্ষই আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। বুধবার শেনজেনে অ্যাপেক সম্মেলনের ফাঁকে ভিয়েতনামের শীর্ষ নেতা তো লামের সঙ্গে বৈঠক করেছেন পুতিন। শীতল যুদ্ধের সময় থেকেই ভিয়েতনামের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ রাশিয়া। বিশ্লেষকদের মতে, চীনের সম্ভাব্য আগ্রাসন মোকাবিলায় নিজেদের বিকল্প সামরিক অংশীদার রয়েছে—বেইজিংকে এমন বার্তা দিতেই রুশ বোমারু বিমানকে স্বাগত জানিয়েছে হ্যানয়। তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলা ভিয়েতনামের জন্য এটি একটি সূক্ষ্ম কূটনৈতিক ভারসাম্য রক্ষার কৌশল বলেও মনে করা হচ্ছে।