রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় সড়ক দুর্ঘটনায় তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত পৌনে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত তাসফিয়া আহমেদ তিশা চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ার মো. শফিউদ্দিন আহমেদের মেয়ে। তিনি খিলগাঁওয়ের মেরাদিয়ার নয়াপাড়ায় থাকতেন এবং আফতাবনগরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ছিলেন।
পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সন্ধ্যায় তিশা মোটরসাইকেলে বনশ্রী ফরাজী হাসপাতালের সামনের রাস্তা দিয়ে এক সহকর্মীর বাসায় যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা রমজান পরিবহনের একটি দ্রুতগতির বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিশা মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলে সারা পরিবহনের অপর একটি বাস তাকে পিষে দেয়। এতে তার মাথা থেঁতলে যায়।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল বলেন, স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ফরাজী হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। পরে রাত পৌনে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর বাস দুটিকে জব্দ করা হয়েছে বলেও জানান এসআই অনয় চন্দ্র পাল। তিনি বলেন, একটি বাসের চালক ও অপর বাসের চালকের সহকারীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।