Advertisement

বনশ্রীতে চার বছরের শিশুকে হত্যার অভিযোগে মা আটক

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

বনশ্রীতে চার বছরের শিশুকে হত্যার অভিযোগে মা আটক
গ্রেপ্তার প্রতীকী। ছবি: চরচা

রাজধানীর রামপুরার বনশ্রীতে চার বছর বয়সী এক শিশুকন্যার গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা মেহেরুন্নেছাকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে বনশ্রীর বি ব্লকের ৭ নম্বর সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

Advertisement

গতকাল সন্ধ্যায় ওই বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে রাতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Advertisement

আজ বুধবার সকালে এ বিষয়ে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন জানান, খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ ওই বাসায় গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে তার মা মেহেরুন্নেছাকে আটক করা হয়।

প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের বিষয়টি সামনে এসেছে জানিয়ে ওসি বলেন, “স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধের জেরে বাসায় একা পেয়ে শিশুটিকে গলাটিপে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।”

ওসি আরও জানান, নিহত শিশুটির বাবা আশরাফুল হক ইমন একটি দোকানের কর্মচারী। তার মা মেহেরুন্নেছা গৃহিণী। ঘটনার পর মেহেরুন্নেছা নিজেই ফোন করে স্বজনদের বিষয়টি জানান এবং হত্যার দায় স্বীকার করেন বলে পরিবারের সদস্যদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে।

জাহাঙ্গীর হোসেন বলেন, “শিশুটির বাবা কর্মস্থল থেকে বাড়িওয়ালাকে ফোন করে বিষয়টি জানান। পরে বাড়িওয়ালা ওই বাসায় গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।”

এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।