রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। সেই সঙ্গে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ক্যাম্পাস বন্ধ রাখার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
রাবির প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধান ফটকে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ফোন করে জানান, সেখানে দুটি ককটেল পাওয়া গেছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে।
রাবির গেটে অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকা ককটেল। ছবি: চরচা
অবিস্ফোরিত ককটেলটি উদ্ধারের জন্য পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর মাহবুবর রহমান।
ক্যাম্পাস বন্ধের হুমকির বিষয়ে প্রক্টর বলেন, “রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফোন কল দিয়ে বলেন, আগামী ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধ রাখতে হবে। অন্যথায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। জবাবে আমি তাকে বলেছি, ‘তুমি পালিয়েছ, তোমার আপা পালিয়েছে। সাহস থাকলে তোমরা আসো।’ মূলত পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার আমাদের ওপর ভীতিকর পরিবেশ তৈরির জন্য এ ঘটনা ঘটিয়েছে। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।”
কাজলা পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা মোসতাক আহমেদ বলেন, “বিস্ফোরণের শব্দ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখানে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে এবং আরেকটি অক্ষত অবস্থায় পড়ে আছে।” বিশেষজ্ঞ দল সেটি উদ্ধার করবে বলেও জানান তিনি।
এ ঘটনায় ক্যাম্পাস ও প্রধান ফটক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে ককটেল বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা জড়ো হন। এ সময় ছাত্রদলের একদল নেতা-কর্মী ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন।