ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটারদের নানা তথ্য জানাতে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপসহ চারটি পদ্ধতির চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এগুলোর মধ্যে অ্যাপের সাহায্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর দিয়ে ঘরে বসেই নিজেদের ভোটকেন্দ্রের নাম, নম্বর ও অবস্থান সম্পর্কে জানতে পারবেন ভোটাররা।
আগামীকাল বৃহস্পতিবার সংসদ নির্বাচন ও গণভোট হবে। ২৯৯ আসনে এবার ভোট হবে। এসব আসনে প্রার্থী সংখ্যা দুই হাজার ২৮ জন। ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। পুরুষ ছয় কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ছয় কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০; তৃতীয় লিঙ্গের ভোটার এক হাজার ২৩২। ভোট কেন্দ্র রয়েছে ৪২ হাজার ৭৭৯টি।
ইসি জানিয়েছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। এই অ্যাপের মাধ্যমে নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য, প্রার্থীদের হলফনামা, নির্বাচনসংক্রান্ত নানা তথ্য এবং নির্বাচনের ফল জানা যাবে।
যে চার পদ্ধতিকে জানা যাবে ভোটার নম্বর-
স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ
এই অ্যাপে গিয়ে ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ সিলেক্ট করতে হবে। এরপর ‘ভোট কেন্দ্র খুঁজুন’ অপশনে গিয়ে এনআইডি নম্বর এবং জন্ম তারিখ দিলে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা দেখা যাবে।
হটলাইন নম্বর ১০৫
হটলাইন নম্বর ১০৫ এ ফোন করে ভোটার নম্বর ও কেন্দ্রসম্পর্কিত তথ্য জানতে পারেন। কল করার পর ৯ চাপলে অপারেটরের সঙ্গে কথা বলে তথ্য পাওয়া যাবে। হটলাইনে ভোটারের এনআইডি নম্বর ও জন্ম তারিখ জানাতে হবে। এই সেবাটি ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চালু থাকবে।
১০৫ নম্বরে এসএমএস
ভোটাররা তাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ‘PC NID’ লিখে ১০৫ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি বার্তায় ভোটার নম্বর ও তাদের ভোটকেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে।
ইসি ওয়েবসাইট
ইসিরওয়েবসাইটে ঢুকে ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করলই ভোটকেন্দ্র খোঁজার অপশন পাওয়া যাবে।
ওয়েবসাইটে দুইভাবে ভোটকেন্দ্র খোঁজা যাবে। প্রথমত, নির্বাচনি এলাকা, উপজেলা/থানা নির্বাচন করে সংশ্লিষ্ট কেন্দ্রের তালিকা দেখা যাবে।
দ্বিতীয়ত, এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে খুঁজলে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। এছাড়া ওয়েবসাইটে ভোটকেন্দ্রের অবস্থান সরাসরি গুগল ম্যাপে দেখার সুবিধা রয়েছে। গুগল ম্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের দূরত্ব এবং যাওয়ার পথ সম্পর্কেও জানা যাবে।