ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপা) নতুন ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার রাজধানীর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সভাকক্ষে ওয়েবসাইটের উদ্বোধন করেন ডুপার সভাপতি ও বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ এবং অতিরিক্ত সচিব ও ডুপার মহাসচিব এ এস এম হুমায়ুন কবীর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুপার সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান সৈয়দা লাসনা কবীর, সহ-সভাপতি খোরশেদ আলম মুন্না ও ফারজানা ইয়াসমিন লিটি, ওয়েবসাইট উপকমিটির আহ্বায়ক ও ডুপার যুগ্ম মহাসচিব ড. এ কে এম সাইফুল্লাহ, কোষাধ্যক্ষ এম এম রশিদুল কবিরসহ ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির বিভিন্ন সম্পাদক ও সদস্য।
নতুন ওয়েবসাইটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা অনলাইনে ডুপার সদস্য হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি সংগঠনের বিভিন্ন কার্যক্রম, তথ্য ও গুরুত্বপূর্ণ হালনাগাদ বিষয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এর মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, মতবিনিময় এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছে সংগঠনটি।
ডুপার সভাপতি জালাল আহমেদ বলেন, “ডুপার নতুন ওয়েবসাইটে অনেক নতুন বিষয় সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে লোকপ্রশাসন বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা নিজেদের মধ্যে ভাব বিনিময় করতে পারবেন। এতে পারস্পরিক সুসম্পর্ক গড়ে উঠবে। আমাদের সব ধরনের কার্যক্রম ওয়েবসাইটে উপস্থাপন করা হবে, যাতে সবাই নিজেদের মতামত ও পরামর্শ দিতে পারেন।”