
এনভিডিয়ায় ফিরতে চান জেনসেন হুয়াং, পথে কাঁটা বোর্ড ও ওয়াশিংটন
হুয়াং ফিরতে চাইলেও তার পথটি সহজ নয়। রয়টার্স এবং সিবিএস নিউজের সূত্রগুলো বলছে, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তাকে সিইও বা অন্য কোনো পদে ফিরিয়ে আনার বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না।
নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে পাঠানো শেখ হাসিনার আইনজীবীদের চিঠি নতুন আলোচনার জন্ম দিয়েছে। গত ৯ নভেম্বর লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে ইমেইলে পাসপোর্ট ও এনআইডি চেয়ে অনুরোধ পাঠানো হয়।
চিঠি পাওয়ার পর নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশন সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। তবে চিঠির সঙ্গে শেখ হাসিনার পক্ষ থেকে আইনজীবী প্রতিষ্ঠানটিকে দেওয়া অনুমোদনের কোনো প্রমাণ ছিল না বলে জানায় হাইকমিশন। ফলে অনুরোধটি সরাসরি শেখ হাসিনার করা আনুষ্ঠানিক আবেদন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, আবেদনটির সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করছে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়। কিন্তু পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, সরকার শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দিয়ে দেশে ফেরানোর পক্ষে নয়; বরং ভারত থেকে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত চায়।
বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার মো. সাইদুর রহমান দাবি করেন, সংবাদমাধ্যমে বিষয়টিকে আনুষ্ঠানিক পাসপোর্ট আবেদন হিসেবে উপস্থাপন করা ঠিক হয়নি। তার বক্তব্য অনুযায়ী, ম্যাট্রিক্স চেম্বার্সের চিঠিটি ছিল নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার অনুরোধ, আনুষ্ঠানিক আবেদন নয়।
এই ঘটনাপ্রবাহের মধ্যেই সামনে এসেছে বাংলাদেশের সঙ্গে ভারতের ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তির বিষয়টি। শেখ হাসিনাকে ফেরাতে এই চুক্তির কোন ধারায় আবেদন করছে বাংলাদেশ, ভারত চাইলে কোন আইনি যুক্তিতে তা প্রত্যাখ্যান করতে পারে এবং নয়াদিল্লির সিদ্ধান্তের ওপর কতটা নির্ভর করছে তার দেশে ফেরা?
সরকারের অবস্থান: পাসপোর্ট নয়, প্রত্যর্পণ চুক্তি
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে সরকারের বক্তব্যে এখন পর্যন্ত দুটি বিষয় স্পষ্ট। প্রথমত, তাকে সাধারণ নাগরিকের মতো পাসপোর্ট বা ট্রাভেল পাস দিয়ে দেশে ফেরানোর পরিবর্তে প্রত্যর্পণ প্রক্রিয়ায় ফিরিয়ে আনতে চায় সরকার। দ্বিতীয়ত, এ ক্ষেত্রে নয়াদিল্লির সহযোগিতা চায় ঢাকা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির চরচাকে বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে বাংলাদেশের পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে হস্তান্তর করতে হবে। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা এবং প্রতিষ্ঠিত বিচারিক প্রক্রিয়াই এ ক্ষেত্রে যথেষ্ট।
প্রতিমন্ত্রীর বক্তব্যের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, সরকার শেখ হাসিনার প্রত্যাবর্তনকে সাধারণ ভ্রমণ বা নাগরিকের দেশে ফেরার প্রক্রিয়া হিসেবে দেখছে না; বরং এটিকে একজন দণ্ডিত ব্যক্তিকে অন্য রাষ্ট্র থেকে হস্তান্তরের বিষয় হিসেবে বিবেচনা করছে।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানও একই অবস্থানের পক্ষে যুক্তি দেন।
গতকাল মঙ্গলবার তার বক্তব্য, শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে চাইলে প্রত্যর্পণ প্রক্রিয়ায় আইনি জটিলতা থাকার কথা নয়। তিনি বলেন, সরকার তাকে দণ্ডিত আসামি হিসেবে ফেরত আনতে চায় এবং ভারতেরও তাকে হস্তান্তরে আপত্তি থাকার কথা নয়।
তবে সরকারের এই বক্তব্যের সঙ্গে একটি প্রশ্নও জড়িয়ে আছে। শেখ হাসিনা নিজে দেশে ফিরতে চাইলেই কি ভারত তাকে বাংলাদেশের হাতে তুলে দিতে বাধ্য? প্রত্যর্পণ চুক্তির প্রক্রিয়ায় ব্যক্তির ইচ্ছার পাশাপাশি অনুরোধ গ্রহণকারী রাষ্ট্রের আইনগত ও প্রশাসনিক সিদ্ধান্তও গুরুত্বপূর্ণ।
পররাষ্ট্র মন্ত্রণালয় কী বলছে, ভারতের অবস্থান কী?
এই পুরো প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যর্পণের অনুরোধ কেবল রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে কার্যকর হয় না; কূটনৈতিক মাধ্যমে আনুষ্ঠানিক আবেদন, প্রয়োজনীয় বিচারিক নথি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগের মধ্য দিয়ে এগোয়।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত প্রায় ১০ মাসে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতকে কয়েক দফা চিঠি দিয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকারও ১৮ মাসের শাসনামলে একাধিকবার অনুরোধ জানিয়েছিল।
কিন্তু ভারত এখন পর্যন্ত বাংলাদেশের অনুরোধে ইতিবাচক বা নেতিবাচক কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। অর্থাৎ, বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ অব্যাহত থাকলেও প্রত্যর্পণের প্রক্রিয়া এখনো নিষ্পত্তি হয়নি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মঙ্গলবার সংবাদ সম্মেলনে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে বলেন, বিষয়টি আইনি এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান হবে।
শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বাংলাদেশের হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়ে বলেন, মানুষের ভ্রমণের জন্য ভ্রমণ-সংক্রান্ত নথি প্রয়োজন।
অর্থাৎ, ঢাকা যখন বলছে, পাসপোর্ট ছাড়াই প্রত্যর্পণ চুক্তিতে শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব, তখন নয়াদিল্লি ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজনীয় নথির প্রসঙ্গ সামনে আনছে। তবে ভারতের বক্তব্যকে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান হিসেবে দেখার সুযোগ নেই। দেশটি এখন পর্যন্ত প্রকাশ্যে বলেছে, বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন।
অর্থাৎ দুই দেশের অবস্থানে একটি পার্থক্য রয়েছে। বাংলাদেশ চুক্তির আওতায় তাকে হস্তান্তরের দাবি জানাচ্ছে। অন্যদিকে ভারত বিষয়টিকে আইনি প্রক্রিয়ার মধ্যে রাখার কথা বলছে, কিন্তু কখন বা কী শর্তে সিদ্ধান্ত দেবে, তা স্পষ্ট করছে না।
কোন চুক্তিতে শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ?
বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ক্ষেত্রে যে চুক্তির কথা বলছে, সেটি হলো বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি।
চুক্তিটি ২০১৩ সালের ২৮ জানুয়ারি ঢাকায় স্বাক্ষরিত হয়। একই বছরের ২৩ অক্টোবর এটি কার্যকর হয়। পরে ২০১৬ সালে চুক্তিটি সংশোধন করা হয়। এর উদ্দেশ্য দুই দেশের মধ্যে অপরাধে অভিযুক্ত, বিচারাধীন, দণ্ডিত কিংবা ফেরারি ব্যক্তিদের প্রত্যর্পণের আইনি কাঠামো তৈরি করা।
চুক্তির আওতায় কোনো ব্যক্তি অপরাধের অভিযোগে অভিযুক্ত হলে, বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হলে কিংবা দণ্ড কার্যকরের জন্য তাকে প্রয়োজন হলে এক দেশ অন্য দেশের কাছে প্রত্যর্পণের আবেদন জানাতে পারে।
চুক্তির গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা হলো:
অপরাধের ধরন-ধারা ২
প্রত্যর্পণযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে হলে সংশ্লিষ্ট কাজটি দুই দেশের আইনেই অপরাধ হতে হবে এবং উভয় দেশের আইনে এর শাস্তি কমপক্ষে এক বছরের কারাদণ্ড হতে হবে। একে বলা হয় দ্বৈত অপরাধের নীতি।
রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম-ধারা ৬
কোনো অপরাধ রাজনৈতিক প্রকৃতির হলে প্রত্যর্পণের আবেদন প্রত্যাখ্যান করার সুযোগ রয়েছে। তবে হত্যা, নরহত্যা, অপহরণ, বিস্ফোরণ, গুরুতর শারীরিক আঘাত এবং সন্ত্রাসবাদ-সম্পর্কিত বেশ কিছু অপরাধকে চুক্তিতে রাজনৈতিক অপরাধ হিসেবে গণ্য না করার কথা বলা হয়েছে।
এখানে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। ফলে সরকার এসব অভিযোগকে রাজনৈতিক অপরাধের ব্যতিক্রমের আওতায় এনে প্রত্যর্পণের যুক্তি তুলে ধরতে পারে।
প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ- ধারা ৮
এই ধারাটি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় আইনি চ্যালেঞ্জগুলোর একটি। চুক্তিতে বলা হয়েছে, অনুরোধ গ্রহণকারী রাষ্ট্রের কাছে যদি মনে হয় অভিযোগটি ন্যায়বিচারের স্বার্থে সরল বিশ্বাসে আনা হয়নি, অথবা অপরাধটি সাধারণ ফৌজদারি আইনের আওতায় না পড়ে সামরিক অপরাধের পর্যায়ে পড়ে, তাহলে প্রত্যর্পণের আবেদন প্রত্যাখ্যান করা যেতে পারে।
অর্থাৎ, অভিযোগ গুরুতর হলেই প্রত্যর্পণ স্বয়ংক্রিয়ভাবে নিশ্চিত হয় না। ভারত যদি মনে করে অভিযোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, তাহলে এই ধারার প্রশ্ন সামনে আসতে পারে।
গ্রেপ্তারি পরোয়ানা ও প্রমাণ-ধারা ১০
২০১৬ সালের সংশোধনের পর প্রত্যর্পণ প্রক্রিয়া সহজ করা হয়। ধারা ১০(৩) অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তিকে ফেরত চাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট আদালত বা উপযুক্ত কর্তৃপক্ষের গ্রেপ্তারি পরোয়ানা এবং ব্যক্তির পরিচয় শনাক্তের তথ্য দিতে হয়। আগের মতো অপরাধের পক্ষে পূর্ণাঙ্গ সাক্ষ্যপ্রমাণ জমা দেওয়ার বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে।
এ কারণেই বাংলাদেশ সরকার মনে করছে, শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায়, গ্রেপ্তারি পরোয়ানা এবং বিচারিক নথি প্রত্যর্পণের আবেদনের পক্ষে গুরুত্বপূর্ণ ভিত্তি হতে পারে।
চুক্তি থাকলেও সমস্যা কোথায়?
সমস্যা হলো, চুক্তিটি দুই রাষ্ট্রের মধ্যে সহযোগিতার আইনি ভিত্তি তৈরি করেছে, কিন্তু প্রতিটি প্রত্যর্পণ আবেদনের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনুরোধ গ্রহণকারী রাষ্ট্রের হাতে রেখেছে।
ভারত চাইলে রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম কিংবা সরল বিশ্বাসে অভিযোগ আনা হয়নি-এমন যুক্তি বিবেচনায় নিতে পারে। এ কারণে চুক্তির আওতায় আবেদন করা এবং বাস্তবে শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত পাওয়া দুটি আলাদা বিষয়।
নতুন করে কেন বিতর্ক?
প্রত্যর্পণ চুক্তির পাশাপাশি সম্প্রতি শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চাওয়ার বিষয়টি নতুন মাত্রা যোগ করেছে। বাংলাদেশ হাইকমিশনে পাঠানো চিঠিতে তার বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে প্রয়োজনীয় নথি দেওয়ার কথা বলা হয়। শেখ হাসিনার সহযোগী আবু ওবায়দা আরিন বার্তা সংস্থা এপিকে বলেছেন, ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ব্যাপারে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।
তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আবেদনটি শেখ হাসিনা নিজে সরাসরি করেছেন, এমন তথ্য পাওয়া যায়নি। বরং তার আইনজীবী পরিচয় দেওয়া প্রতিষ্ঠানটি চিঠি পাঠিয়েছে।
নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের প্রেস মিনিস্টার মো. সাইদুর রহমান দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, ই-মেইলটি তারা পেয়েছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।
তবে আইনজীবী প্রতিষ্ঠানটি শেখ হাসিনার পক্ষে আবেদন করার অনুমোদন পেয়েছে কি না, সে বিষয়ে হাইকমিশন নিশ্চিত নয়। কারণ, ইমেইলের সঙ্গে সেই অনুমোদনের কোনো প্রমাণ দেওয়া হয়নি।
অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পাসপোর্ট ও এনআইডির আবেদন করার আইনি ভিত্তি আছে কি না, তা পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় পরীক্ষা করছে।
এখানে দুটি পথ রয়েছে।
ভারত সরকারকে চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। অথবা, বাংলাদেশ সরকার প্রয়োজনীয় ভ্রমণ নথি দিলে তিনি স্বাভাবিকভাবে দেশে ফেরার চেষ্টা করতে পারেন।
কিন্তু সরকার এখন পর্যন্ত প্রথম পথটিকেই অগ্রাধিকার দিচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, প্রত্যর্পণ প্রক্রিয়ার বাইরে গিয়ে তাকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার পরিকল্পনা নেই।
ভারত কি রাজনৈতিক বিবেচনায় শেখ হাসিনাকে ফেরত দেবে?
এখানেই বিষয়টি শুধু আইনি প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের গতিপ্রকৃতিও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে যান শেখ হাসিনা। দীর্ঘ সময় ধরে ভারত ও আওয়ামী লীগের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিকসহ নানামুখী সম্পর্ক ছিল। ফলে তার ভারতে অবস্থানকে শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর আশ্রয় হিসেবে দেখছেন না অনেক কূটনৈতিক বিশ্লেষক।
বিবিসি বাংলার প্রতিবেদনে ঢাকার একজন সাবেক কূটনীতিকের বক্তব্য তুলে ধরে বলা হয়েছে, ভারত শেখ হাসিনাকে একজন অপরাধী হিসেবে নয়, বরং একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আশ্রয় দিয়েছে। ফলে কেবল আইনি যুক্তিতে তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নয়াদিল্লি নাও নিতে পারে।
ভারতের অভ্যন্তরীণ রাজনীতিও এখানে বিবেচ্য। দেশটির রাজনৈতিক দলগুলোর মধ্যে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে এক ধরনের ঐকমত্য রয়েছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার নিরাপত্তা এবং ভারতে অবস্থান নিয়ে রাজনৈতিক চাপ তৈরি হওয়ার আশঙ্কাও নয়াদিল্লির সিদ্ধান্তে ভূমিকা রাখতে পারে।
এদিকে, ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে প্রত্যর্পণের বিষয়টি নতুন নয়। ২০১৫ সালে আসামের বিদ্রোহী সংগঠন উলফার নেতা অনুপ চেটিয়াকে বাংলাদেশ ভারতের কাছে হস্তান্তর করেছিল। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ কাঠামো যে বাস্তবে কার্যকর হয়েছে, এটি তার একটি উদাহরণ।
তবে অনুপ চেটিয়া ও শেখ হাসিনার বিষয় এক নয়। শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়, মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা-সব মিলিয়ে বিষয়টি অনেক বেশি সংবেদনশীল।
মৃত্যুদণ্ডের রায়, প্রত্যর্পণ প্রক্রিয়ায় এর প্রভাব কী?
শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি বিষয় হলো তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়।
২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে মৃত্যুদণ্ড দেন। তার অনুপস্থিতিতে এই রায় হয়। শেখ হাসিনা এই বিচার ও রায় প্রত্যাখ্যান করেছেন।
বাংলাদেশের সরকারের যুক্তি হচ্ছে, তিনি এখন আর কেবল একজন অভিযুক্ত ব্যক্তি নন; আদালতে দণ্ডিত হয়েছেন। ফলে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত চাওয়ার আইনি ভিত্তি আরও জোরালো হয়েছে।
কিন্তু এখানেও ভারতের বিবেচনার বিষয় রয়েছে। কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অবস্থায় ফেরত দিলে তার বিচারিক অধিকার, আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং মানবাধিকার সুরক্ষার প্রশ্ন উঠতে পারে।
এ ছাড়া প্রত্যর্পণের অনুরোধের বিপরীতে শেখ হাসিনা বা তার আইনজীবীরা ভারতের আদালতে আইনি চ্যালেঞ্জ জানাতে পারেন কি না, সেটিও গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান চরচাকে বলেন, “প্রত্যর্পণ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ব্যক্তি আদালতে গেলে আইনি জটিলতা তৈরি হতে পারে।”
তবে শেখ হাসিনা নিজেই ফিরতে চাইলে এমন পরিস্থিতি হওয়ার সম্ভাবনা কম বলে তিনি মনে করেন।
অর্থাৎ, সরকার মনে করছে, শেখ হাসিনার ফেরার ইচ্ছা প্রত্যর্পণ প্রক্রিয়াকে সহজ করতে পারে। কিন্তু তার বিরুদ্ধে দেওয়া রায়, ভারতের আইনি কাঠামো এবং প্রত্যর্পণ চুক্তির শর্তগুলোকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই।
ডিসেম্বরকে ঘিরে রাজনৈতিক হিসাব-নিকাশ
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা শুধু কূটনৈতিক বা বিচারিক বিষয় নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির জন্যও গুরুত্বপূর্ণ।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা একাধিকবার বলেছেন, তিনি ডিসেম্বরেই দেশে ফিরবেন। তার সহযোগীরাও এ অবস্থানের কথা জানিয়েছেন। তবে তার দেশে ফেরার ঘোষণার পেছনে আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতার বিষয়টিও আলোচনায় এসেছে। দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও ভার্চুয়াল যোগাযোগ এবং বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিলের মাধ্যমে নেতাকর্মীদের সক্রিয় রাখার চেষ্টা দেখা যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ক্ষেত্রে তিনটি প্রশ্ন গুরুত্বপূর্ণ।
প্রথমত, শেখ হাসিনা ফিরলে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান কী হবে?
দলটির নেতাকর্মীদের একাংশ তার প্রত্যাবর্তনকে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ হিসেবে দেখতে পারেন। অন্যদিকে, তার বিরুদ্ধে থাকা মামলা ও মৃত্যুদণ্ডের রায় দলটির রাজনৈতিক ভবিষ্যৎকে আরও জটিল করতে পারে।
দ্বিতীয়ত, বিএনপি সরকার কীভাবে পরিস্থিতি সামলাবে?
বিএনপি ক্ষমতায় আসার পর শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার বিষয়টি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সরকার একদিকে প্রত্যর্পণের মাধ্যমে তাকে ফেরানোর কথা বলছে, অন্যদিকে তার দেশে ফেরার ঘোষণা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নজর রাখতে হচ্ছে।
তৃতীয়ত, শেখ হাসিনা কি সত্যিই দেশে ফিরবেন?
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগের কয়েকজন নেতার বক্তব্য থেকে জানা যায়, ফেরার সিদ্ধান্ত নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা হয়েছে। তবে কীভাবে ফিরবেন, কোন প্রক্রিয়ায় ফিরবেন কিংবা বাধা এলে বিকল্প কী হবে-এসব বিষয়ে তাদের কাছেও স্পষ্ট তথ্য নেই।
তবে, শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় এবং প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তার ঘোষিত প্রত্যাবর্তন বাস্তবে কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে।

এনভিডিয়ায় ফিরতে চান জেনসেন হুয়াং, পথে কাঁটা বোর্ড ও ওয়াশিংটন
হুয়াং ফিরতে চাইলেও তার পথটি সহজ নয়। রয়টার্স এবং সিবিএস নিউজের সূত্রগুলো বলছে, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তাকে সিইও বা অন্য কোনো পদে ফিরিয়ে আনার বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না।

‘গর্দান নামায়া দে’: র্যাপ গান ও ভিডিওতে আওয়ামীপন্থীদের অ্যাকাউন্টে সহিংসতার আহ্বান
দুপুরের পর সহিংসতা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ছড়িয়ে পড়ে। দুপুর ২টা থেকে সন্ধ্যার মধ্যে টুঙ্গিপাড়ার কয়েকটি স্থানে উপজেলা যুবদল কার্যালয় এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়।

মানুষের চেয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে কাক!
‘বার্ডব্রেইন’ শব্দটি দিয়ে বোকামি বোঝানোর প্রচলিত ধারণা বৈজ্ঞানিকভাবে ক্রমেই অযৌক্তিক হয়ে উঠছে। কাকের মস্তিষ্ক আসলে প্রকৃতির তৈরি এক অত্যন্ত কার্যকর তথ্য বিশ্লেষণ ব্যবস্থা।

সরকার ও বড় করপোরেট ঋণের ওপরই ব্যাংকগুলো কেন নির্ভরশীল?
দেশের ব্যাংকগুলোর কাছ থেকে বেশি ঋণ পাচ্ছে সরকার ও দেশের বড় বড় শিল্পগ্রুপ। একদিকে বাজেট ঘাটতি মেটাতে ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে সরকার, অন্যদিকে বড় শিল্পগ্রুপগুলো ব্যাংকঋণের বড় একটা অংশ নিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষুদ্র উদ্যোক্তারা ঋণ পাচ্ছেন না। কিন্তু কেন ব্যাংকগুলো এই দুই খাতের