
এনভিডিয়ায় ফিরতে চান জেনসেন হুয়াং, পথে কাঁটা বোর্ড ও ওয়াশিংটন
হুয়াং ফিরতে চাইলেও তার পথটি সহজ নয়। রয়টার্স এবং সিবিএস নিউজের সূত্রগুলো বলছে, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তাকে সিইও বা অন্য কোনো পদে ফিরিয়ে আনার বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না।
চরচা ডেস্ক

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে ডেটা সেন্টার নিয়ন্ত্রণ একটি প্রধান রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। এদের সম্প্রসারণে লাগাম টানা কিংবা কাজ বন্ধ রাখার পক্ষে ইতিমধ্যেই ৪০টি ব্যালট প্রস্তাব পাস হয়েছে। একটি এক্সিট পোলে দেখা গেছে, ৫৬ শতাংশ ভোটার কংগ্রেসে তাদের ভোট নির্ধারণের ক্ষেত্রে এআই ও ডেটা সেন্টার সংক্রান্ত বিষয়কে ‘অন্যতম প্রধান নিয়ামক’ হিসেবে বিবেচনা করেছেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মূল ভিত্তি হলেও, ডেটা সেন্টারগুলো এখন আমেরিকানদের তীব্র জনরোষের কারণ। কেবল শব্দদূষণ, দৃষ্টিকটু অবকাঠামো কিংবা বিপুল বিদ্যুৎ চাহিদাই এর একমাত্র কারণ নয়; এর পেছনে রয়েছে গভীর এক উদ্বেগ। এসব কেন্দ্র মূলত এমন এক প্রযুক্তির দ্রুত বিস্তারকে তুলে ধরে, যা নিয়ে সাধারণ মানুষের মনে ভয় রয়েছে এবং তাদের ধারণা, সিলিকন ভ্যালি জোর করে এই প্রযুক্তি তাদের ওপর চাপিয়ে দিচ্ছে।
মার্কিন গণমাধ্যম ভক্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের নীতিহীন ঢিলেঢালা অবস্থানের বদলে কঠোর আইনি নিয়ন্ত্রণ চাওয়া আমেরিকানদের শুধু ডেটা সেন্টার কেন্দ্রিক উদ্বেগে আটকে থাকার একটি বড় সীমাবদ্ধতা রয়েছে। এসব প্রকল্পের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হলেও এআই প্রযুক্তির মূল ও বড় ঝুঁকিগুলোর সমাধান হবে না। একেকটি ডেটা সেন্টার প্রকল্প আটকে হয়তো এদের গতি কিছুটা শ্লথ করা যাবে, কিন্তু পুরোপুরি থামানো সম্ভব নয়। এআই কোম্পানিগুলো কিছুটা বাড়তি খরচ হলেও ঠিকই অবকাঠামো গড়ে তোলার নতুন কোনো জায়গা খুঁজে নেবে।
মধ্যবর্তী নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু তুলনামূলক কম আলোচিত দিকটি হলো, ভোটাররা এমন একদল নতুন প্রতিনিধিকে বেছে নিয়েছেন, যারা সরাসরি এআই প্রযুক্তিকেই আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন। এই নেতারা শুধু ভৌত অবকাঠামো নয়, বরং এআইয়ের সার্বিক নিরাপত্তা ও আইনি নিয়ন্ত্রণে সোচ্চার। সাইবার হামলা ও চাকরি হারানো থেকে শুরু করে জৈব অস্ত্রের ঝুঁকি, ক্ষমতার একচেটিয়া বিস্তার এবং মানবজাতির বিলুপ্তির মতো গভীর সব বিপদ রুখতে কঠোর আইন পাসের স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তারা।
এমনকি গবেষকদের কাছে এই নির্বাচনের সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল, গ্রীষ্মকালীন বড় কয়েকটি সাইবার হামলার পর প্রার্থীদের নিরাপত্তা-কেন্দ্রিক মানসিকতার আমূল পরিবর্তন।
এ বিষয়ে ইনস্টিটিউট ফর ল অ্যান্ড এআই-এর বিশ্লেষক ম্যাকেঞ্জি আর্নল্ড ভক্সকে বলেন, “এই গ্রীষ্মের আগেও নীতিপ্রণেতাদের আলোচনাগুলো ছিল অত্যন্ত তাত্ত্বিক ও সীমিত। এআই মডেলগুলোর সক্ষমতা এবং এদের ঝুঁকিগুলো নিয়ে খুব কম নেতাই ভাবতেন। কিন্তু সাম্প্রতিক সময়ে এ ভাবনায় বড় ধরনের পরিবর্তন এসেছে।”
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের অভাবনীয় জয় এবং এই ফলাফল এআই নিয়ন্ত্রণের সম্ভাবনা অনেকটা বাড়িয়ে দিয়েছে। তবে এখন আসল প্রশ্ন হলো, নবনির্বাচিত প্রার্থীরা কি ডেটা সেন্টার ঘিরে তৈরি হওয়া গণজাগরণকে কাজে লাগিয়ে আরও বড় পরিসরে এআই সুরক্ষার আন্দোলনে রূপ দিতে পারবেন? তাদের নানা পরিকল্পনা হয়তো রয়েছে, কিন্তু সেগুলো কতটা বাস্তবসম্মত?
নবনির্বাচিত ডেমোক্র্যাটদের মধ্যে বেশিরভাগ প্রতিনিধি এআইয়ের ঝুঁকিগুলো নিয়ে অত্যন্ত সোচ্চার। আর তাদের কয়েকজন যে এআইয়ের সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে নিজেদের বেশ ভালোভাবেই শিক্ষিত করে তুলেছেন, তা স্পষ্ট। তাই তারা প্রকৃতপক্ষে কী ধরনের দৃশ্যমান পরিবর্তন বাস্তবায়ন করতে পারবেন তা বিবেচনা করার আগে, তারা কী প্রস্তাব করেছেন সে সম্পর্কে জেনে নেওয়া জরুরি।
মিশিগানের নব-নির্বাচিত সিনেটর আব্দুল এল-সায়েদ বলেছেন যে, ফ্রন্টিয়ার এআই (সবচেয়ে উন্নত ও শক্তিশালী এআই) গবেষণায় ‘বিগ পজ’ মানে সাময়িক বিরতি টানা প্রয়োজন। তিনি চীনের সাথে চুক্তি করে আন্তর্জাতিক অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করার এবং বিশ্বব্যাপী এআইয়ের গতি নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন।
এল-সায়েদ এআইয়ের ‘রিকার্সিব সেলফ-ইমপ্রুভমেন্ট’ (যেখানে একটি এআই মডেল এর চেয়েও বেশি বুদ্ধিমান পরবর্তী এআই মডেল তৈরি করে) নিষিদ্ধ করার সমর্থক। পাশাপাশি, তিনি একটি নতুন ফেডারেল নিরাপত্তা সংস্থা চান, যা এআই কোম্পানিগুলোকে পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনবোধে নতুন মডেলের উন্মোচন আটকে দিতে পারবে।
যদিও তার সব ধারণা বিশেষজ্ঞদের কাছে গ্রহণযোগ্য মনে নাও হতে পারে (যেমন: বিপজ্জনক মডেলগুলোর জন্য একটি সহজ-সরল ‘কিল সুইচ’ তৈরির ভাবনা), তাও সিনেটে এল-সায়েদের উপস্থিতি এআই নিরাপত্তা বিশেষজ্ঞদের ফ্রন্টিয়ার গবেষণায় বিরতি টানার পক্ষে যুক্তি তুলে ধরাকে অনেক সহজ করে দেবে।
জর্জিয়ার সিনেট নির্বাচনে জয়ী জন অসফও এবার বেশ নজর কাড়ছেন। নিজের বিজয়ী ভাষণে সিলিকন ভ্যালির এআই ডেভেলপারদের কড়া সমালোচনা করে তিনি বলেন, “সিলিকন ভ্যালির প্রযুক্তি-সম্রাটরা নিজেরা বাঁচার জন্য বাঙ্কার বানাচ্ছেন, অথচ সতর্ক করছেন যে তাদের তৈরি এআই নাকি মানবজাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।”
গত সেপ্টেম্বরেই এআই দিয়ে নির্মিত জৈবাস্ত্রের মতো ‘মহাবিপর্যয়কর হুমকি’ নিয়ে কথা বলে তিনি এআই-নিরাপত্তা বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। নিজের কাজের অগ্রাধিকার তুলে ধরে অসফ বলেন, “একজন দূরদর্শী প্রেসিডেন্টের উচিত দ্রুত পদক্ষেপে জনগণকে আশ্বস্ত করা। উন্নত গবেষণা কেন্দ্রগুলোতে পরিদর্শক পাঠানো, জৈবসন্ত্রাস প্রতিরোধে দেশকে সুরক্ষিত করা, নতুন আইনের জন্য কংগ্রেসের ওপর চাপ তৈরি করা এবং এআই সংক্রান্ত বৈশ্বিক চুক্তিতে বিশ্বকে নেতৃত্ব দেওয়া। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে পুরোপুরি আপস করে বসে আছেন।”
গত সপ্তাহে এআই নিরাপত্তার পক্ষে দৃঢ় অবস্থান ও সুস্পষ্ট নীতি নিয়ে জয়ী হয়েছেন আরও দুই ডেমোক্র্যাট নেতা। ন্যান্সি পেলোসির আসনে জয় লাভ করেছেন ক্যালিফোর্নিয়ার অভিজ্ঞ স্টেট সিনেটর স্কট উইনার। তিনি এ সংক্রান্ত দুটি আলোচিত আইনের কারিগর ছিলেন। সেগুলো হলো-এসবি ১০৪৭ এবং এসবি ৫৩।
এসবি ১০৪৭ আইনে এআই মডেল বাজারে ছাড়ার আগেই কোম্পানিগুলোকে এর নিরাপত্তা পরীক্ষা করতে হবে এবং বাধ্যতামূলক ‘কিল সুইচ’ বজায় রাখার কথা বলা হয়। পাশাপাশি মডেল থেকে বড় ধরনের কোনো ক্ষতি হলে ডেভেলপার কোম্পানি আইনগতভাবে সরাসরি দায়ী থাকবে এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি ব্যবস্থা নেওয়া যাবে। সিলিকন ভ্যালি, বড় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং ওপেন-সোর্স ডেভেলপারদের একাংশের তীব্র বিরোধিতার পর ২০২৪ সালের সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম বিলটিতে ভেটো দেন।
এসবি ৫৩ আইন অবশ্য সবার কাছে গৃহীত হয়। এতে বলা হয়, এআই কোম্পানি তাদের মডেলে কী কী নিরাপত্তা প্রোটোকল মেনে চলা হচ্ছে তা সরকারকে জানাতে হবে এবং পাবলিক রিপোর্টে প্রকাশ করতে হবে। পাশাপাশি কোনো কোম্পানি ভুল তথ্যের রিপোর্ট দিলে বা তথ্য গোপন করলে সর্বোচ্চ ১০ লাখ ডলার পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে। এই পুরো আইনটিই এআই কোম্পানির স্বচ্ছতা নিশ্চিত করতে প্রস্তাব করা হয়েছিল।
সিনেটর উইনার স্পষ্ট জানিয়েছেন, তিনি কঠোর কেন্দ্রীয় নিরাপত্তা মানদণ্ড তৈরি করতে এবং এআইয়ের সম্ভাব্য বিপর্যয় রুখতে কাজ করে যাবেন।
অন্যদিকে কলোরাডো থেকে বিজয়ী কংগ্রেসম্যান ম্যানি রুটিনেল ২০২৪ সালে এআই নিয়ন্ত্রণে একটি আইনের সহ-উদ্যোক্তা ছিলেন। দীর্ঘ দিন ধরে এআই নিরাপত্তা নিয়ে সোচ্চার ‘ইফেক্টিভ অলট্রুইজম’ আন্দোলনের সঙ্গে তার সম্পৃক্ততা তার বক্তব্যে স্পষ্ট ফুটে ওঠে। সম্প্রতি দ্য নিউইয়র্ক টাইমসকে তিনি বলেন, “এই প্রযুক্তির কারণে মানব সভ্যতা বিলুপ্ত হওয়ার অন্তত ১০ শতাংশ ঝুঁকি রয়েছে, আর আমি মানব সভ্যতার বিনাশ দেখতে চাই না।”
কয়েক দশকের খরা কাটিয়ে মন্টানা থেকে নির্বাচিত প্রথম ডেমোক্র্যাট কংগ্রেসম্যান শ্যাম ফরস্ট্যাগ সতর্ক করে বলেছেন, এআই পুরো মানবজাতির অস্তিত্বের জন্যই চরম হুমকি। আবার মেইন থেকে বিজয়ী ডেমোক্র্যাট সিনেটর ট্রয় জ্যাকসনের স্পষ্ট হুঁশিয়ারি, “বিলিয়নিয়ারদের আমি এআইয়ের নিয়ম নির্ধারণ করতে দেব না।” জনপ্রিয় সিনেমার প্রসঙ্গ টেনে তিনি যোগ করেন, “ ‘টার্মিনেটর’-এর মতো বিপজ্জনক বাস্তবতার আমরা খুবই কাছাকাছি পৌঁছে গেছি, আর আমি চাই না মানবজাতিকে এভাবে বিদায় নিতে হোক।”
ধারণা করা হচ্ছে, ২০২৭ সালের শুরুর দিকে এআই নিয়ন্ত্রণ সংক্রান্ত বিলগুলোতে এই নতুন জয়ী নেতারা মূল ভূমিকা রাখবেন। তবে সেই এআই নিয়ন্ত্রণ ব্যবস্থার চূড়ান্ত রূপ ঠিক কেমন হতে চলেছে, সেটাই এখন দেখার বিষয়।
এআই নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটদের আগামী দিনের কৌশল
কংগ্রেসে ডেমোক্র্যাটরা যখন পুনর্নিয়ন্ত্রণের প্রস্তুতি নিচ্ছেন, তখন এআই নিরাপত্তার লাগাম ধরতে তাদের হাতে রয়েছে মূলত দুটি বড় অস্ত্র, সংসদীয় শুনানি এবং নতুন আইন প্রণয়ন।
নির্বাচন শেষ হতেই এখন ব্যাপকভাবে প্রযুক্তি নির্বাহীদের জবাবদিহির মুখোমুখি করার জোর প্রস্তুতি চলছে। ম্যাসাচুসেটস থেকে পুনরায় নির্বাচিত সেনেটর এড মার্কি ‘বিগ টেক’ নির্বাহীদের প্রতি কড়া বার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি কৌতুক করে লিখেছেন, “প্রযুক্তি স্বামীদের জন্য আমরা যে হারে সমন তলব করব, তার কাগজের জোগান দিতে নতুন করে বন তৈরি করতে হতে পারে।”
যদি এই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের শপথ নিয়ে সাক্ষ্য দিতে ডাকা হয়, তবে সেই দৃশ্য কেমন হতে পারে? বিশ্লেষক আর্নল্ডের মতে, “শুনানিগুলোর মূল নজর থাকবে কোম্পানিগুলোর নিরাপত্তা জোরদারে অবহেলা এবং তাদের গাফিলতির প্রমাণের ওপর। সরাসরি জানতে চাওয়া হবে—‘ঝুঁকিটি কেন আগে চিহ্নিত করা গেল না? কেন বিষয়টি আমাদের কাছে গোপন রাখা হলো?’ যদিও এসব শুনানি সরাসরি শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে না, তবে এই জনচাপের মুখেই অনেক কোম্পানি নিজ উদ্যোগে নজরদারি বাড়াতে, দ্রুত ঘটনা জানাতে এবং সার্বিক নিরাপত্তা বাড়াতে বাধ্য হয়েছে।”
আইন প্রণয়নের ক্ষেত্রে বিশেষজ্ঞরা আশাবাদী যে, ২০২৭ সালে এ যাবৎকালের সবচেয়ে কঠোর এআই আইন বাস্তবায়িত হতে যাচ্ছে। সিনেট কমার্স কমিটির সম্ভব্য চেয়ারপারসন সিনেটর মারিয়া ক্যান্টওয়েল এক্ষেত্রে মূল চালিকাশক্তি হতে যাচ্ছেন। তিনি ইতিমধ্যে এআই নিয়ন্ত্রণের একটি ভারসাম্যপূর্ণ রূপরেখা তুলে ধরেছেন, যা আইনের প্রাথমিক রূপ হিসেবে বিবেচিত হচ্ছে। এতে অত্যাধুনিক এআই মডেলগুলোর জন্য বাধ্যতামূলক নিরাপত্তা মান নিশ্চিত করা, বাজারজাতকরণের আগে স্বাধীন নিরীক্ষা ও পরীক্ষা চালানো এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা সঙ্গে সঙ্গে জানানোর বাধ্যবাধকতা রাখা হয়েছে।
‘আমেরিকানস ফর রেসপন্সিবল এআই’-এর প্রধান ও সাবেক কংগ্রেসম্যান ব্র্যাড কারসন বলেন, “ক্যান্টওয়েল বিষয়টিকে বেশ জোরের সঙ্গেই সামনে টানবেন এবং এ ইস্যুতে তিনি পুরো ডেমোক্র্যাট ককাসের মূখ্য কণ্ঠস্বর হয়ে উঠবেন। সমস্ত ডেমোক্র্যাটরা এর পক্ষে এবং বিল পাস ঠেকাতে রিপাবলিকানদের মাত্র পাঁচ-ছয়টি অতিরিক্ত ভোট লাগবে, যা জোগাড় করা খুব একটা কঠিন হবে না।”
কারসন আশা করেন, “বিশেষ করে হোয়াইট হাউসের একক প্রভাব যখন কিছুটা থিতিয়ে আসবে, তখন রিপাবলিকানদের সমর্থন পাওয়া আরও সহজ হবে। ট্রাম্প তাদের এক ভুল পথে চালিত করে পরাজয়ের মুখোমুখি দাঁড় করিয়েছেন। তাই অনেক চতুর রাজনীতিবিদই এখন ট্রাম্পের কাছ থেকে দূরত্ব বজায় রাখবেন।”
অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে এখনো চূড়ান্ত ‘ভেটো’ ক্ষমতা রয়েছে। তিনি এতদিন বড় টেক কোম্পানিগুলোকে কোনো কড়া বিধিনিষেধ ছাড়াই অবাধে সামনে এগোনোর পথ তৈরি করে দিয়েছেন। কিন্তু সম্প্রতি ঘনঘন নিরাপত্তা বিপর্যয়ের মুখে পড়ে এআই কোম্পানিগুলো যখন নিরাপত্তার খাতিরে ছাড় দিতে শুরু করেছে, তখন প্রেসিডেন্ট নিজেও হয়তো নতুন বিধিনিয়মে সই করতে খুব একটা ইতস্তত করবেন না।
কারসনের বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের মেজাজ ও সিদ্ধান্ত যেমন পরিবর্তনশীল, তাতে তিনি এমন বিলে সই করে ফেললেও অবাক হওয়ার কিছু থাকবে না। বিশেষ করে রিপাবলিকানরা যদি তাকে বোঝান, ‘দেখুন, ডেটা সেন্টার আর এআই ইস্যুতে আমরা জনগণের কড়া সমালোচনার মুখে পড়ছি। পরিস্থিতির খাতিরে এই আইনে সই করাই এখন বুদ্ধিমানের কাজ হবে’।”
ভেটো ক্ষমতার কোনো তোয়াক্কা না করে এআই আইন প্রণয়নের চূড়ান্ত নিয়ন্ত্রণ পাওয়ার সবচেয়ে সুনিশ্চিত পথ হলো ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের হোয়াইট হাউস জয়ের পথ প্রস্তুত করা। আর সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনগুলোতে স্পষ্ট হয়ে গেছে যে, এআই নিয়ন্ত্রণের বিষয়টি সামনে আনাই ডেমোক্র্যাটদের বিজয়ের পালে হাওয়া দিয়েছে। এআই নীতি নিয়ে কাজ করা নিউইয়র্কের অ্যাসেম্বলি মেম্বার অ্যালেক্স বোরেস যথার্থই লিখেছেন, “২০২৮ সালের জয়যাত্রার ভিত্তি আজ থেকেই রচনা করতে হবে। ভোটারদের আস্থা ধরে রাখতে এবং কোনো মহাবিপর্যয় এড়াতে ডেমোক্র্যাটিক পার্টিকে এখনই এআই নিরাপত্তার বিষয়ে এক নীতিতে ঐক্যবদ্ধ হতে হবে।”
চলতি নির্বাচন মৌসুমে সাধারণ ভোটারদের মূল ক্ষোভ ডেটা সেন্টার স্থাপনকে ঘিরে থাকলেও, সামনে পরিস্থিতি পাল্টানোর স্পষ্ট আভাস মিলছে। অনবরত সাইবার হামলা ও নতুন নতুন নিরাপত্তা বিপর্যয়ের কারণে ২০২৮ সালের নির্বাচনের দিকে যত দিন এগোবে, ভোটাররা কেবল বাহ্যিক ইস্যু থেকে সরে এসে এআই-এর মূল নিরাপত্তা ঝুঁকিতেই নজর দেবেন।
বিশ্লেষক আর্নল্ডের মতে, “ডেটা সেন্টার কিংবা এআই নিয়ে জনগণের মনোভাবকে স্থায়ী ভাবলে ভুল হবে। বাস্তব দুনিয়ার নানা ঘটনা ও অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে মানুষের চিন্তা আরও পরিপক্ক হবে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া বড় কোনো ঘটনা ঘটলেই মানুষ সরাসরি এআইয়ের আসল প্রভাব নিয়ে সোচ্চার হবে।”
নীতি ও কৌশল নির্ধারণী সংগঠন ‘কংগ্রেশনাল প্রোগ্রেসিভ ককাস’-এর চেয়ারম্যান গ্রেগ ক্যাসারের মন্তব্যও একই সুর প্রকাশ করে। তিনি বলেন, “২০২৬ সালের নির্বাচনে ডেটা সেন্টারের বিরুদ্ধে জনরোষ ছিল অন্যতম মূল বিষয়। তবে কয়েক বছর পর যখন আমরা পেছনে ফিরে তাকাব, তখন বুঝব আমেরিকান রাজনীতিকে ওলটপালট করে দেওয়া এআই সংক্রান্ত বিশাল এক সামাজিক ও রাজনৈতিক ঝড়ের এটি ছিল সামান্য একটি পূর্বাভাস মাত্র।”
রাজনৈতিকভাবে সবচেয়ে বিচক্ষণ ও দূরদর্শী নেতারা কিন্তু সেই সম্ভাব্য ঝড়ের কথা মাথায় রেখেই এখন থেকে গুটি চালতে শুরু করেছেন।

এনভিডিয়ায় ফিরতে চান জেনসেন হুয়াং, পথে কাঁটা বোর্ড ও ওয়াশিংটন
হুয়াং ফিরতে চাইলেও তার পথটি সহজ নয়। রয়টার্স এবং সিবিএস নিউজের সূত্রগুলো বলছে, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তাকে সিইও বা অন্য কোনো পদে ফিরিয়ে আনার বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না।

‘গর্দান নামায়া দে’: র্যাপ গান ও ভিডিওতে আওয়ামীপন্থীদের অ্যাকাউন্টে সহিংসতার আহ্বান
দুপুরের পর সহিংসতা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ছড়িয়ে পড়ে। দুপুর ২টা থেকে সন্ধ্যার মধ্যে টুঙ্গিপাড়ার কয়েকটি স্থানে উপজেলা যুবদল কার্যালয় এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়।

মানুষের চেয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে কাক!
‘বার্ডব্রেইন’ শব্দটি দিয়ে বোকামি বোঝানোর প্রচলিত ধারণা বৈজ্ঞানিকভাবে ক্রমেই অযৌক্তিক হয়ে উঠছে। কাকের মস্তিষ্ক আসলে প্রকৃতির তৈরি এক অত্যন্ত কার্যকর তথ্য বিশ্লেষণ ব্যবস্থা।

সরকার ও বড় করপোরেট ঋণের ওপরই ব্যাংকগুলো কেন নির্ভরশীল?
দেশের ব্যাংকগুলোর কাছ থেকে বেশি ঋণ পাচ্ছে সরকার ও দেশের বড় বড় শিল্পগ্রুপ। একদিকে বাজেট ঘাটতি মেটাতে ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে সরকার, অন্যদিকে বড় শিল্পগ্রুপগুলো ব্যাংকঋণের বড় একটা অংশ নিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষুদ্র উদ্যোক্তারা ঋণ পাচ্ছেন না। কিন্তু কেন ব্যাংকগুলো এই দুই খাতের