রাজধানীর লালবাগে গত ১ নভেম্বর ভরদুপুরে প্রকাশ্যে মো. বিপ্লব নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। তবে এই খুনের পেছনের সম্ভাব্য কারণ নিয়ে পুলিশ ও পরিবার–দুই দিক থেকে তিন ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে। পুলিশের দিক থেকেই দুই ধরনের বক্তব্য আসছে!
তদন্তকারী কর্মকর্তা (এসআই) যেখানে খুনের ‘মোটিফ’ হিসেবে মাদক নিয়ে বিরোধের কথা বলছেন, সেখানে একই থানার পরিদর্শক (ইনস্পেকটর–অপারেশন) বলছেন নারীঘটিত কারণের কথা। অন্যদিকে পরিবারের দাবি, বিপ্লব পুলিশের ইনফরমার হয়ে কাজ করত বলে তাকে খুন করা হয়েছে।
সেদিন দুপুর ২টার দিকে শহীদনগরে বউবাজারে বায়তুল ফালাহ জামে মসজিদের অন্য পাশে একটি নির্মাণাধীন বাড়ির ভেতরে বিপ্লবকে কোপানো হয়। বাড়িটি থেকে দৌড়ে বের হয়ে মসজিদের সামনে পড়ে যান বিপ্লব, ওখানেই কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
এই ঘটনায় বিপ্লবের খালা সুলতানা বেগম বাদী হয়ে লালবাগ থানায় বিপ্লবের বন্ধু আল-আমিন এবং মাঈনুসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, পূর্বশত্রুতার জেরে বিপ্লবকে হত্যা করা হয়েছে।
হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজে দেখে মূল আসামি দুজনের জড়িত থাকার বিষয়টি শনাক্ত করে পুলিশ। এছাড়াও তদন্তে উঠে আসে, হত্যার আগে আল-আমিন ফোন করে বিপ্লবে ডেকে নেয়।
খুনের ‘মোটিফ’ নিয়ে পুলিশেরই বক্তব্য দুই ধরনের কেন?
খুনের ‘মোটিফ’ বা নেপথ্যের কারণ নিয়ে লালবাগ থানার তদন্ত কর্মকর্তা এবং পরিদর্শকের (অপারেশন) কাছ থেকে দুই ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সেলিম মিয়া খুনের কারণ হিসেবে বলছেন মাদক নিয়ে দ্বন্দ্বের কথা। চরচাকে তিনি বলেন, “ভুক্তভোগীর (বিপ্লব) নামে দুটি মাদক মামলা এবং একটি ছিনতাইয়ের মামলা আছে। আসামি আল-আমিন এবং মো. মাঈনুর বিরুদ্ধে একাধিক মাদকের মামলা আছে। তারা পরস্পর বন্ধু। মাদক কারবার নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল, যা বুঝতে পারলাম।”
তবে লালবাগ থানারই পরির্দশক (অপারেশন) মো. রাশেদুজ্জামান বলছেন নারীঘটিত কারণের কথা। পূর্বশত্রুতার কারণে এই খুন জানিয়ে রাশেদুজ্জামান চরচাকে বলেন, “এই হত্যার পেছনে…আল-আমিনের সাথে বিপ্লবের সম্ভবত নারী নিয়ে একটা শত্রুতা তৈরি হয়েছিল। ওখান থেকেই তাকে খুন করা হয়েছে।”
নারীঘটিত পূর্বশত্রুতা বলতে ঠিক কী বোঝাচ্ছেন, সে ব্যাখ্যাও দিয়েছেন রাশেদুজ্জামান, “প্রেমের সম্পর্ক মনে হয়, যতটুকু বুঝতে পারছি। এক মেয়েকে আল-আমিন মনে হয় পছন্দ করত অথবা প্রেম ছিল। আবার পরে তার সঙ্গে বিপ্লবের প্রেমের সম্পর্ক তৈরি হয়। এটা নিয়ে (আল-আমিন) ক্ষিপ্ত হয়ে তাকে (বিপ্লব) কুপিয়েছে।”
কিন্তু পুলিশের একই থানার দুই কর্মকর্তার বয়ানে হত্যার মোটিফ আলাদা হলো কেন? তদন্ত কর্মকর্তার সঙ্গে ইনস্পেকটরের কথার অমিল হলো কী কারণে? এর আগে রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীকে সপরিবারে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়ও তদন্তের সঙ্গে পুলিশের বড় কর্তার কথায় শুরুতেই অমিল পাওয়া গিয়েছিল, যা পুলিশের বক্তব্য নিয়ে সংশয় বাড়িয়ে দেয়। বিপ্লবের ক্ষেত্রে তদন্ত কর্মকর্তা যা পেয়েছেন, থানার ইনস্পেকটর তার চেয়ে আলাদা কিছু কীভাবে পান? বয়ান দুরকম হওয়া স্বাভাবিকভাবেই এসব প্রশ্ন তুলে দেয়।
হত্যার নেপথ্যের কারণ নিয়ে দুই ধরনের বক্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে পরিদর্শক (অপারেশন) মো. রাশেদুজ্জামান বলেন, “বিপ্লবের সাথে এক নারীর প্রেম ছিল, হত্যাকাণ্ডের দিন বেলা ১২টায় বিপ্লব ওই নারীর ফোনকল পেয়ে বের হন এবং দেখা করেন। পরে দুপুর ২টার দিকে আসামিরা তাকে বউবাজারে পেয়ে হামলা করে। আমরা বিপ্লবের ফোন তদন্ত করে সর্বশেষ ওই নারীর ফোনকল পেয়েছিলাম, তাই নারীঘটিত কোনো বিষয় নিয়ে হত্যা করা হতে পারে ধারণা করছি।”
আর তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুস সেলিম মিয়া তার আগের বক্তব্যের ব্যাখ্যায় বলেন, “নারীঘটিত কোনো কিছু নিয়ে হত্যা করা হয়েছে, এমনটি আমি তদন্তে পাইনি। আসামির সাথে মাদকবিক্রির মাসোহারা নিয়ে একটা বিরোধ তৈরি হয়েছিল, যার দরুণ খুন করা হয় তাকে।”
এ ব্যাপারে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামিল হোসেনকেও প্রশ্ন করা হয়। একটা মামলার ক্ষেত্রে তারই থানার দুই কর্মকর্তার বক্তব্য ভিন্ন কেন, এ ব্যাপারে জামিল হোসেন বলেন, “আসামি ধরার আগে কে কী বলেছে, তা জানি না। তবে এখন পর্যন্ত আমরা পেয়েছি, চাঁদা এবং মাদকের টাকা নিয়ে বিপ্লবকে খুন করা হয়েছে। যদি নারীঘটিত কোন ইস্যু থাকে, তবে তা তদন্তে বেরিয়ে আসবে। এখন পর্যন্ত নারী সংশ্লিষ্ট কিছু পাইনি।”
তবে পুলিশের দুই ধরনের বক্তব্যের কোনোটির সঙ্গেই অবশ্য পরিবারের দাবির মিল নেই। বিপ্লবের খালা সুলতানা বেগম চরচাকে বলেন, “বিপ্লব মাছের পানি সাপ্লাইয়ের কাজ ছেড়ে দিয়েছিল ছয় মাস আগে। বাসায় জানিয়েছিল, পুলিশের ইনফরমার হিসেবে কাজ করে। তাকে কয়েকদিন আগেও এলাকার কয়েকজন মাদক কারবারি হুমকি দেয়। এর আগে গত ১১ জানুয়ারি তার মাথায় পিস্তলের বাট (হাতল) দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল।”
ওই সময়ের ঘটনায় ঢাকা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের একটি “পুলিশ কেস” সিল দেওয়া টিকিটও প্রতিবেদককে দেখান সুলতানা বেগম।
তখন এই বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নিয়েছে কি না–এমন প্রশ্নের জবাবে সুলতানা বেগমের স্বামী ও বিপ্লবের খালু নজরুল ইসলাম বলেন, “আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। যার কাছে পিস্তল আছে, তার বিরুদ্ধে মামলা করলে রেহাই পাব? তারাই দিন দুপুরে হত্যা করল!”
মো. বিপ্লব কি পুলিশের ইনফরমার ছিলেন কি না, এই বিষয়ে নিশ্চিত হতে কথা হয় শহীদনগরের ৯নং লেনের বাসিন্দা শাহেদ বাবু ওরফে ফর্মা বাবুর সাথে। তিনি চরচাকে বলেন, “বিপ্লব কাজ শুরু করছে বেশিদিন হয় নাই। তবে তারে সবাই ফর্মা বিপ্লব হিসেবেই চিনে। টুকটাক কাজ করত। আগে মাদক বেচত, পরে পুলিশের সাথে কাজ শুরু করছে।”
বিপ্লবের খুনের পেছনের কারণ কী হতে পারে, এই বিষয়ে প্রশ্ন করা হলে ফর্মা বাবু বলেন, “ওইটা আমারে জিজ্ঞেস করে লাভ নাই। থানা যেইটা বলে ওইটাই লিখেন।”
হাসপাতালে নেয়নি কেউ
রাজধানীর লালবাগে শহীদনগরের ৯নং লেনে খালার বাসায় থাকতেন মো. বিপ্লব। জন্মের দুই মাস পর মা এবং তিন বছর পর বাবাকে হারানো বিপ্লব খালা সুলতানা বেগমকেই মা বলে ডাকতেন। মাছের পানি আনা-নেওয়ার কাজ করতেন।
১ নভেম্বর দুপুর ১২টায় বাসা থেকে বের হন বিপ্লব। সুলতানা বেগমকে বলে যান, এলাকাতে আছেন, বাজারের দিকে যাবেন। সুলতানা বেগম জানালেন, ওইদিন সকাল থেকেই বিপ্লবের মন খারাপ ছিল। এরপর প্রায় দুপুর ৩টার দিকে এলাকার একজন এসে জানান, বিপ্লব লাশ হয়ে পড়ে আছে ৪নং লেনের মসজিদের সামনে।
ঘটনাস্থলে থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা হয় চরচার। তারা জানান, ছুরিকাহত বিপ্লব বাঁচার জন্য ভবন থেকে বাইরে এসে রাস্তায় পড়ে যান। বাজারে উপস্থিত অনেকে বিপ্লবকে কাতরাতে দেখলেও কেউ হাসপাতালে নিয়ে যায়নি।
সেই ভবনে কাজ করা শ্রমিকদের একজন আলতাফ গনি চরচাকে বলেন, “আমরা দুপুরের খাবার খাচ্ছিলাম। এই সময় ৪-৫টা ছেলে এখানে এসে হট্টগোল করে। কিছু বুঝে উঠার আগেই দেখি, একজন দৌড়ে গেটের সামনে গিয়ে রাস্তায় পড়ে গেল, তার সারা শরীরে রক্ত। বাকিরা কেউ ভবনের পিছন দিয়ে দেওয়াল টপকে বের হলো, আর কেউ গেইট দিয়ে বের হয়ে দৌড় দিল।”
হাসপাতালে নিলে বিপ্লবকে বাঁচানো যেত–এমনটিই দাবি করেন লালবাগ থানার পরিদর্শক (অপারেশন) রাশেদুজ্জামান। বলেন, “ছেলেটা (বিপ্লব) ১৫-২০ মিনিট মাটিতে পড়ে কাতরাচ্ছিল, তারপর মারা গেছে। হাসপাতালে নিলে বাঁচত। রক্তক্ষরণের কারণে মারা গেছে। বাজারের সবাই তাকিয়ে দেখছে, কিন্তু কেউ ভয়ে ধরে নাই।”
কেন কেউ সাহায্য করেনি–এ ব্যাপারে জানতে চাওয়া হলো ঘটনাস্থলের পাশের ফলের দোকানদার জাহাঙ্গীর আলমকে। বিপ্লবের মৃতদেহ যেখানে পড়ে ছিল, তার সামনেই জাহাঙ্গীর আলমের ফলের দোকান। তিনি বলেন, “এই এলাকায় এরকম অনেক ঘটনা হয়। থানা, পুলিশের সাক্ষী হয়ে বিপদে পড়ব নাকি! যারা দিন-দুপুরে এভাবে খুন করতে পারে, তারা আমার মতো মানুষকে মারতে কতক্ষণ?”
বিপ্লবের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়, তার শরীরে পাঁচটি কোপ দেওয়া হয়েছে। ডান হাতে, কোমরের নিচে, বাম পায়ে, বুকে এবং বাম হাতের একটি আঙুলে। সুরতহাল প্রতিবেদন তৈরি করেন লালবাগ থানার উপ-পরিদর্শক আব্দুস সেলিম মিয়া। তিনি বলেন, “আসামিরা হত্যায় ব্যবহার করেছে চাপাতি এবং ছুরি। ক্ষত দেখে এমন মনে হয়েছে।”
ঘটনার ৭দিন পর আটক দুই আসামি
বিপ্লবের খালা সুলতানা বেগমের সঙ্গে চরচার কথা হয় গত ৬ নভেম্বর। তিনি সেদিন দাবি করেন, আসামিরা এলাকায় ঘুরছে। তবে একই দিন এই বিষয়ে লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনারের জুয়েল রানাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “হত্যাকারীরা নদী পার হয়ে ঢাকা থেকে বাইরে আছে। তাদের ধরার জন্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তারা যে সিম ব্যবহার করে, সেটা চালু করলেই ধরে ফেলতে পারব।”
এরপর গত ৮ নভেম্বর দুপুর ২টার দিকে লালবাগের লোহার ব্রিজ এলাকা থেকে আটক হয় আল-আমিন এবং মাঈনু। এ ব্যাপারে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামিল হোসেন চরচাকে বলেন, “আসামিরা এতদিন বিভিন্ন জায়গা পরিবর্তন করে ছিল। কখনো কেরানীগঞ্জ, জাজিরাতে অবস্থান করে। গতকাল তারা এলাকায় ঢুকলে আমরা গোপন তথ্যের ভিত্তিতে তাদের আটক করি।”