Advertisement

ফায়ার সার্ভিসের নেই নিজস্ব ইঞ্জিনিয়ারিং ইউনিট, চলে কীভাবে?

ফায়ার সার্ভিসের নেই নিজস্ব ইঞ্জিনিয়ারিং ইউনিট, চলে কীভাবে?
ছবিটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইট থেকে নেওয়া।

দ্রুত নগরায়নের ফলে দেশের শহরগুলোয় জ্যামিতিক হারে বাড়ছে বহুতল ভবন। বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ দেশজুড়ে শিল্পায়নও ছড়িয়ে পড়ছে। ফলে অগ্নিকাণ্ডের ঝুঁকিও বাড়ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিসংখ্যান বলছে, গত বছর (২০২৫) সারা দেশে ৭১টি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Advertisement

বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) এবং অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন অনুযায়ী, যেকোনো বহুতল ভবন, শিল্প কারখানা ও বাণিজ্যিক স্থাপনার জন্য ফায়ার সেফটি প্ল্যান তৈরি করা আবশ্যক। ফায়ার সার্ভিস থেকে অনাপত্তি সনদ (এনওসি) নেওয়াও বাধ্যতামূলক। কিন্তু এই আইন প্রয়োগ ও তদারকির দায়িত্ব যে সংস্থার, সেই ফায়ার সার্ভিসেরই নিজস্ব কোনো পেশাদার ফায়ার প্রটেকশন ইঞ্জিনিয়ারিং ক্যাডার বা কারিগরি ইউনিট নেই।

ফায়ার সার্ভিসের অর্গানোগ্রামে সিভিল, মেকানিক্যাল, কেমিক্যাল বা ইলেকট্রিক্যাল প্রকৌশলীদের কোনো স্থায়ী শাখা নেই। অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার প্রধান আইনি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হয়েও ফায়ার সার্ভিসকে পুরো অনুমোদন প্রক্রিয়া চালাতে হচ্ছে ৩১টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের ওপর।

অগ্নি নিরাপত্তার কয়েকটি প্রাথমিক ধাপের কাজ ফায়ার সার্ভিসকেই করতে হয়। ভবনের নকশা পর্বে ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যান অনুমোদন করতে হয়। নির্মাণ শেষে নিরাপত্তা সরঞ্জামের স্থায়িত্ব পরীক্ষা করে কার্যকারিতা সনদ দিতে হয়। এরপর বাণিজ্যিকভাবে চালু করার জন্য ফায়ার লাইসেন্স দিতে হয় এবং প্রতি বছর তা নবায়ন করতে হয়।

Advertisement

কিন্তু নিজস্ব বিশেষজ্ঞ ফায়ার প্রটেকশন প্রকৌশলী না থাকায় বেসরকারি ফার্মের জমা দেওয়া জটিল মেকানিক্যাল প্রেশার ড্রাফট, হাইড্রোলিক ওয়াটার ফ্লো ক্যালকুলেশন বা থার্মাল অ্যানালিসিস অডিট ও যাচাই করতে গিয়ে প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতায় পড়তে হয় ফায়ার সার্ভিসকে।

ফায়ার সেফটি সুসংহত করার লক্ষ্যে নকশা তৈরির দায়িত্ব এভাবে পুরোপুরি বেসরকারি কনসালটিং ফার্মের ওপর ছেড়ে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা নিজেই। কিন্তু এসব ফার্মের জমা দেওয়া জটিল প্রযুক্তিগত নকশা নিরপেক্ষভাবে মূল্যায়ন করার মতো সক্ষমতা ফায়ার সার্ভিসের নিজের কতটুকু আছে, তা নিয়ে নানা প্রশ্ন আছে।

ফায়ার সার্ভিসে ইঞ্জিনিয়ারিং ইউনিট কেন দরকার?

অগ্নিনির্বাপণ ও সুরক্ষা শুধু আগুন লাগার পর পানি ছিটানো বা উদ্ধার অভিযানের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি একটি জটিল, বৈজ্ঞানিক ও গণিতনির্ভর এক প্রকৌশলবিদ্যা। ভবনের স্থাপত্য নকশা করার প্রাথমিক পর্যায় থেকেই এর কাজ শুরু হয়।

ভবনের অগ্নিনিরাপত্তার মূল স্তর দুটি-প্যাসিভ ফায়ার প্রটেকশন ও অ্যাক্টিভ ফায়ার প্রটেকশন। প্যাসিভ প্রটেকশনের মধ্যে আছে ভবনের মূল কাঠামোর ফায়ার রেজিস্ট্যান্স রেটিং (আগুন সহ্য করার ক্ষমতা), কাঠামোর কলাম ও বিমের স্থায়িত্ব এবং ফায়ার বেরিয়ার ওয়ালের বিন্যাস। এ ছাড়া, ধোঁয়া ছড়ানো ঠেকাতে ফায়ার ড্যাম্পার ও দুই ঘণ্টার ফায়ার-রেটেড দরজাসহ ধোঁয়ারোধী সেফটি লবি তৈরি করতে হয়।

অ্যাক্টিভ প্রটেকশনের মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় স্মোক ও হিট ডিটেক্টর, প্রেশারাইজড রাইজার সিস্টেম, স্বয়ংক্রিয় স্প্রিংকলার (পানি ছেটানোর যন্ত্র) এবং ডেলিউজ ও ওয়াটার মিস্ট সিস্টেম। কেমিক্যাল ও সার্ভার রুমের জন্য থাকে এফএম-২০০ কিংবা গ্যাসভিত্তিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা। আর রয়েছে ফায়ার পাম্পের মেকানিক্যাল হেড ও ফ্লো ক্যালকুলেশন।

ভবনের উচ্চতা ও জটিলতা বাড়লে প্রচলিত কোডভিত্তিক নকশার বাইরে গিয়ে পারফরম্যান্স-বেসড ডিজাইন বা কর্মক্ষমতাভিত্তিক পদ্ধতি ব্যবহার করতে হয়। এই পদ্ধতিতে কম্পিউটারভিত্তিক ফ্লুইড ডায়নামিক্স বা পেশাদার স্মোক অ্যান্ড ফায়ার মডেলিং সফটওয়্যারের সাহায্যে ঘরের ভেতরে তাপমাত্রা কতটা বাড়বে, ধোঁয়া কীভাবে ছড়াবে এবং মানুষ কত সময়ে নিরাপদে বেরিয়ে যেতে পারবে, তা গাণিতিকভাবে হিসাব করা হয়।

উঁচু ভবন, বাণিজ্যিক মল বা বড় রাসায়নিক কারখানার ক্ষেত্রে বেসরকারি ফার্ম এ ধরনের জটিল সিমুলেশন বা মেকানিক্যাল প্রেশারাইজেশন ডিজাইন জমা দেয়। তখন সাধারণ প্রশাসনিক কর্মকর্তা বা মাঠপর্যায়ের ফায়ার ইন্সপেক্টরের পক্ষে শুধু চেকলিস্ট দেখে প্রকৌশল নকশা নির্ভুল কি না, তা ধরা অসম্ভব।

হাইড্রোলিক প্রেশারের সঠিক হিসাব না করে অনুমোদন পাওয়া স্প্রিংকলার ব্যবস্থা প্রকৃত অগ্নিকাণ্ডের সময় পুরোপুরি ব্যর্থ হতে পারে। আবার পজিটিভ এয়ার প্রেশারের নকশায় ভুল থাকলে সেফটি লবি ধোঁয়ায় ভরে গিয়ে জরুরি সিঁড়ি ব্যবহারের অযোগ্য হয়ে পড়তে পারে।

এ ছাড়া, শিল্প কারখানায় ব্যবহৃত বিপজ্জনক দাহ্য পদার্থ, কেমিক্যাল ও বিস্ফোরক দ্রব্যের নিরাপত্তা নিশ্চিত করতে কেমিক্যাল ও প্রসেস ইঞ্জিনিয়ারিংয়ের জ্ঞান প্রয়োজন হয়। দুর্ঘটনার পর তদন্তে ভবনের কাঠামোগত দুর্বলতা চিহ্নিত করা, আদালতের বিচারে কারিগরি মতামত দেওয়া এবং অগ্নিসুরক্ষা সরঞ্জাম ঠিকমতো কাজ করছে কি না পরীক্ষা করার জন্যও বিশেষজ্ঞ দরকার।

এ ধরনের ইউনিট না থাকায় নিয়ন্ত্রক সংস্থা হয়েও ফায়ার সার্ভিসকে পুরোপুরি বেসরকারি ফার্মের পেশাদারত্ব ও সততার ওপর নির্ভর করতে হচ্ছে। এতে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হতে পারে, নিরাপত্তা তদারকিতেও বড় ধরনের ঝুঁকি দেখা দেয়।

অন্য দেশের ফায়ার সার্ভিসে ইঞ্জিনিয়ারিং ইউনিট কী করে?

বিশ্বের উন্নত ও প্রযুক্তিনির্ভর দেশগুলোয় ফায়ার সার্ভিস সংস্থাগুলোর প্রশাসনিক ও অপারেশনাল কাঠামোর কেন্দ্রেই আছে বিশেষায়িত ইঞ্জিনিয়ারিং ইউনিট।

এশিয়ার অন্যতম আধুনিক ও সুসংগঠিত জরুরি সেবা সংস্থা সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্সের (এসসিডিএফ) অর্গানোগ্রামে আছে ফায়ার সেফটি অ্যান্ড শেল্টার ডিপার্টমেন্ট এবং ট্রান্সফরমেশন অ্যান্ড ফিউচার টেকনোলজি ডিপার্টমেন্ট। এসসিডিএফের এই বিভাগে কর্মরত সিভিল, মেকানিক্যাল ও ফায়ার প্রটেকশন প্রকৌশলীরা অতি উঁচু ভবনের পারফরম্যান্স-বেসড ফায়ার ডিজাইন অডিট করেন। নিবন্ধিত পেশাদার ফায়ার সেফটি ইঞ্জিনিয়ারদের লাইসেন্স দেওয়া এবং তাদের নিয়ন্ত্রণের কাজও তারাই করেন। সিঙ্গাপুরের প্রযুক্তি সংস্থা এইচটিএক্স ও সিঙ্গাপুর ইনস্টিটিউট অব টেকনোলজির সঙ্গে যৌথভাবে সংস্থাটির প্রকৌশলীরা কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) ফায়ার সেফটি ইন্সপেকশন, রোবটচালিত অগ্নিনির্বাপণ যান এবং ফায়ারফাইটিং এক্সোস্যুট তৈরির গবেষণা করছে।

যুক্তরাজ্যে লন্ডন ফায়ার ব্রিগেডের ‘প্রোটেক্ট’ সেবার আওতায় একটি শক্তিশালী ও স্বাধীন ফায়ার ইঞ্জিনিয়ারিং গ্রুপ কাজ করে। এর নেতৃত্বে আছেন চার্টার্ড ফায়ার ইঞ্জিনিয়াররা। ইউকে বিল্ডিং সেফটি রেগুলেটরের সঙ্গে যুক্ত থেকে এই প্রকৌশলীরা নগরীর জটিল ও অতি উঁচু ভবনের স্থাপত্য নকশা আইন অনুযায়ী অডিট করেন। ব্রিটিশ স্ট্যান্ডার্ড ও স্মোক কন্ট্রোল মডেলিং ঠিকভাবে মানা হয়েছে কি না, তা যাচাই করার পাশাপাশি যেকোনো বড় অগ্নিকাণ্ডের পর ভবনের থার্মাল পারফরম্যান্স ও কাঠামোগত স্থায়িত্ব বিশ্লেষণ করে তারা। আদালতে বিশেষজ্ঞ সাক্ষী হিসেবে মতামতও দেয় এই ফায়ার ইঞ্জিনিয়াররা।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যস্ত জরুরি সেবা সংস্থা নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের (এফডিএনওয়াই) ব্যুরো অব ফায়ার প্রিভেনশনের অধীনে রয়েছে পূর্ণাঙ্গ ফায়ার প্রটেকশন ইঞ্জিনিয়ারিং শাখা। এই শাখায় স্থায়ী পদে কাজ করেন পেশাদার সিভিল, মেকানিক্যাল, কেমিক্যাল ও ফায়ার প্রটেকশন প্রকৌশলীরা। উঁচু ভবনের স্প্রিংকলার, স্ট্যান্ডপাইপ, রেফ্রিজারেশন প্ল্যান্ট ও ইন্ডাস্ট্রিয়াল হাই-পাইল্ড স্টোরেজের প্রকৌশল নকশা তারা পর্যালোচনা করেন। পাশাপাশি সাম্প্রতিক সময়ের ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম ও লিথিয়াম-আয়ন প্রযুক্তির ফায়ার কোড প্রমিত করার কাজেও নেতৃত্ব দিচ্ছে তারা।

অন্যদিকে, জাপানের টোকিও ফায়ার ডিপার্টমেন্টের সদর দপ্তরে রয়েছে নিজস্ব ইকুইপমেন্ট ডিপার্টমেন্ট ও ইকুইপমেন্ট ফ্যাক্টরি। সেখানে ফায়ার সার্ভিসের নিজস্ব ইঞ্জিনিয়াররা ফায়ার ইঞ্জিন ও বিশেষ উদ্ধার সরঞ্জামের মেকানিক্যাল ডিজাইন তৈরি এবং রক্ষণাবেক্ষণ করে।

প্রতিবেশী দেশ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ডিরেক্টরেট জেনারেল ফায়ার সার্ভিসেস, সিভিল ডিফেন্স অ্যান্ড হোম গার্ডসের নিয়ন্ত্রণে দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কাজ করছে। একটি স্ট্যান্ডিং ফায়ার অ্যাডভাইজরি কাউন্সিল, যা ফায়ার সার্ভিসের কারিগরি মান নির্ধারণ করে। অন্যটি নাগপুরের ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ, যা উচ্চশিক্ষার প্রতিষ্ঠান।

ঠিকানা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: চরচা
ঠিকানা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: চরচা

নাগপুরের এই কলেজে ফায়ার ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদি বি. টেক ডিগ্রি দেওয়া হয়। এখান থেকে পাস করা ফায়ার ইঞ্জিনিয়াররা ফায়ার সার্ভিসের প্রশাসনিক ও কারিগরি পদে কাজ করেন। পাশাপাশি সরকারি-বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানে যান্ত্রিক, রাসায়নিক ও কাঠামোগত অগ্নিঝুঁকি সামলানোর দায়িত্বও তারা পালন করেন।

রাজ্য পর্যায়েও আগুনের ঘটনায় সাড়া দেওয়া দলের পাশাপাশি আলাদা যান্ত্রিক ও কারিগরি শাখা রয়েছে। যেমন: দিল্লি ফায়ার সার্ভিসে ‘এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (অটোমোবাইল)’-এর অধীনে সহকারী প্রকৌশলী, ফোরম্যান, মেকানিক ও ফিটারদের নিয়ে স্থায়ী কারিগরি দল আছে। এই দল ফায়ার ইঞ্জিন ও আধুনিক হাইড্রোলিক মইয়ের (ল্যাডার) নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করে।

পশ্চিমবঙ্গ ফায়ার সার্ভিসে আছে কেন্দ্রীয় ওয়ার্কশপ ও কারিগরি বিশেষজ্ঞ কমিটি। এর একটি কাজ ভবনের অগ্নিনিরাপত্তা পরিকল্পনা যাচাই করে।

বাংলাদেশের কেন নেই?

আন্তর্জাতিক মানদণ্ডের মতো বাংলাদেশের ফায়ার সার্ভিসের অর্গানোগ্রামে নিজস্ব পেশাদার ইঞ্জিনিয়ারিং ইউনিট বা ক্যাডার গড়ে ওঠেনি কেন জানতে চাইলে অধিদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার চরচাকে বলেন, “যেকোনো সরকারি প্রতিষ্ঠানের প্রশাসনিক ও কাঠামোগত নকশা মূলত সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৈরি করে। সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী গণপূর্ত অধিদপ্তর রাষ্ট্রের প্রধান প্রকৌশল সংস্থা। ফায়ার সার্ভিসসহ সব সরকারি দপ্তরের অবকাঠামো নির্মাণ, ডিজাইন ও ভবন তৈরির সার্বিক সহায়তা তারাই দেয়।”

ফায়ার সার্ভিসের মূল দায়িত্বের কথা তুলে ধরে তিনি বলেন, “সংস্থাটির প্রাথমিক ও প্রধান কাজ আগুন নেভানো এবং দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো। সরকারের প্রশাসনিক কাঠামো যখন তৈরি করা হয়েছিল, তখন হয়তো ফায়ার সার্ভিসের ভেতরে আলাদা প্রকৌশল শাখা রাখার প্রয়োজন মনে করা হয়নি। কারণ ধরে নেওয়া হয়েছিল, গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীরাই সব বিভাগকে এই কারিগরি সহায়তা দেবেন।”

তবে মাঠপর্যায়ে ফায়ার লাইসেন্স ও ফ্লোর প্ল্যান অনুমোদনের সময় যে জটিলতা দেখা দেয়, সে প্রসঙ্গে এই কর্মকর্তা বলেন, “বেসরকারি সংস্থা যে সাধারণ নকশা জমা দিতেন, তা অনেক সময় ফায়ার সেফটি প্রটেকশনের সুনির্দিষ্ট চাহিদা অনুযায়ী ঠিকমতো তৈরি হতো না। আবার ফায়ার সার্ভিসের নিজেদের পর্যাপ্ত প্রকৌশলগত দক্ষতা না থাকায় নকশার কোথায় কী বদলাতে হবে, তা নির্দিষ্ট করে চিহ্নিত করে সংশোধনের নির্দেশনা দেওয়াও কর্মকর্তাদের জন্য কঠিন হয়ে পড়ত।”

কারিগরি সক্ষমতার এই ঘাটতি পূরণের জন্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে কয়েক বছর আগে ফায়ার সেফটি প্ল্যান তৈরির কাজ তালিকাভুক্ত বেসরকারি ইঞ্জিনিয়ারিং ফার্মের মাধ্যমে আউটসোর্সিং করার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যান্য সরকারি কেনাকাটা বা সেবার মতো এটিও সরকারের একটি প্রচলিত প্রক্রিয়া বলে জানান তিনি।

স্থায়ী ইঞ্জিনিয়ারিং উইং না রাখার একটি কারণ হিসেবে কাজের পরিধির কথা বলেন শাহজাহান শিকদার। তার ভাষ্য, দেশে মোট নিবন্ধিত বা অনুমোদিত ভবনের নকশা তৈরির কাজটি মূলত নির্দিষ্ট সময়ভিত্তিক। ডিজাইন অডিট ও এনওসি একবার হয়ে গেলে ফায়ার সার্ভিসের উইংয়ে স্থায়ীভাবে বিপুল সংখ্যক প্রকৌশলী ধরে রাখলে তাদের কাজ কমে যাওয়ার বা কাজহীন থাকার আশঙ্কা থাকে। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের কাজ হলো নকশা অনুমোদনের পর সরেজমিনে গিয়ে স্প্রিংকলার, এক্সটিঙ্গুইশার বা পাম্পের মতো ফায়ার সেফটি সরঞ্জাম ঠিকভাবে লাগানো হয়েছে কি না, তা নিয়মিত পরিদর্শন ও পরীক্ষা করা। এটি একটি চলমান প্রক্রিয়া।

ফায়ার সার্ভিসের অধীনে চলা শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থার প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ফায়ার সার্ভিস ট্রেনিং একাডেমি থেকে এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) ইন ফায়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ফায়ার সায়েন্স অ্যান্ড অকুপেশনাল সেফটি কোর্স ও ফায়ার সেফটি ম্যানেজার কোর্স চালানো হচ্ছে। তবে এগুলো কোনোটিই পেশাদার বিএসসি ইন ফায়ার প্রটেকশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নয়।”

কী বলছেন সংশ্লিষ্টরা?

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর অনুমোদিত ইঞ্জিনিয়ারিং ফার্ম, ইউটিলিটি প্রফেশনালসের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসমতউজ্জামান চরচাকে বলেন, “আমরা ভবনের ফায়ার রিস্ক অ্যাসেসমেন্ট ও ডিজাইন জমা দিলে ফায়ার সার্ভিস তা পুনরায় টেকনিক্যালি যাচাই করতে পারে না, শুধু অনুমোদন দিয়ে দেয়। ন্যাশনাল বিল্ডিং কোড বোঝার জন্য যে কারিগরি জ্ঞান থাকা দরকার, তা তাদের নেই। তাছাড়া, আমাদের কাজের পরিধি শুধু ভবন তৈরির আগ পর্যন্তই। দূর্ঘটনা ঘটলে- তা কেন ঘটল, কী কারণে দ্রুত সমাধান হলো না, ভবিষ্যতে তা রুখতে কী কী পদক্ষেপ নিতে হতে পারে, এগুলোতে আমাদের এক্সেস নেই।”

হাসমতউজ্জামান আরও বলেন, “ফায়ার সার্ভিস কর্মকর্তাদের মধ্যে যে কারিগরি জ্ঞানের ঘাটতি আছে- এই উপলব্ধিটাই তাদের নেই। আর এই কারিগরি অজ্ঞতার খেসারতই দিতে হয়েছে সীতাকুণ্ডের বিস্ফোরণে। কনটেইনারে কী ধরনের রাসায়নিক বা দাহ্য পদার্থ আছে তা না জেনেই আগুন নেভাতে গিয়ে অকাতরে ফায়ার ফাইটারদের প্রাণ দিতে হয়েছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স এবং ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান ফায়ার সার্ভিসের নিজস্ব ইঞ্জিনিয়ারিং ইউনিট না থাকার বিষয়ে চরচাকে বলেন, “বেসরকারি ফার্ম দিয়ে যতই যাচাই করে নেওয়া হোক না কেন, ফায়ার সার্ভিসের অভ্যন্তরীণ কর্মকর্তাদের মধ্যে যদি একজনও ফায়ার রিস্ক এসেসমেন্ট বিষয়ক বিশেষজ্ঞ প্রকৌশলী না থাকেন- তবে এটি অত্যন্ত শঙ্কার বিষয়। দুর্ঘটনার পরে ব্যবস্থা নেওয়ার আগে কেন ঘটবে এবং কী করলে ঘটবে না- এ ধারণা সংশ্লিষ্টদের থাকা আবশ্যক।”