ঢাকার কেরানীগঞ্জে নারিকেল বাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় আগুনে মানিক (৪৫) নামে দগ্ধ আরও একজন নিহত হয়েছেন।
গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
সুলতান মাহমুদ শিকদার জানান, কেরানীগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনায় শতভাগ দগ্ধ অবস্থায় মানিককে জরুরি বিভাগে আনা হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গতকাল সোমবার দুপুরের দিকে কেরাণীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম চরচাকে একজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেন।