লিবিয়ায় অনিয়মিতভাবে অবস্থানরত মোট ১৭৪ জন বাংলাদেশি নাগরিক মঙ্গলবার ভোরে স্বেচ্ছায় দেশে ফিরেছেন।
ত্রিপোলি থেকে বুরাক এয়ারলাইনসের একটি ফ্লাইটে সকাল ৫টা ৪০ মিনিটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও লিবিয়ার সরকার বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং লিবিয়ায় নিয়োজিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করে।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
জানা গেছে, দেশে ফেরা ব্যক্তিদের অধিকাংশই মানব পাচারকারীদের প্রলোভনে পড়ে লিবিয়ায় গিয়েছিলেন। সেখান থেকে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্য ছিল তাদের।
লিবিয়ায় অবস্থানকালে বিভিন্ন সময়ে তাদের অনেকেই অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং আইওএমের প্রতিনিধিরা বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের স্বাগত জানান।
অনিয়মিত অভিবাসনের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয় দেশে ফেরা ব্যক্তিদের তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছে।
আইওএম প্রত্যেক প্রত্যাবাসিত ব্যক্তিকে যাতায়াত খরচ, কিছু খাদ্যসামগ্রী, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করে।
লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো, ত্রিপোলিতে নিয়োজিত বাংলাদেশ মিশন এবং আইওএম যৌথভাবে কাজ করছে।