Advertisement Banner

রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপ, ১৩ দিন পর যুবকের মৃত্যু

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপ, ১৩ দিন পর যুবকের মৃত্যু
ফাইল ছবি

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত সাজিদ চৌধুরী রাফি (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে টানা ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর আজ সোমবার সকালে তিনি মারা যান।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন-মূল অভিযুক্ত মো. পারভেজ, ফয়সাল ওরফে কালু এবং আনোয়ার হোসেন বাবু।

পুলিশ জানায়, গত ৯ জুন রাত সোয়া ১টার দিকে পূর্ব শেওড়াপাড়া এলাকায় মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন রাফি। এ সময় আগে থেকে ওঁত পেতে থাকা কয়েকজন তাকে থামার সংকেত দেন। তিনি না থামলে হামলাকারীদের একজন চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপ করে তার মাথায় আঘাত করে। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।

পরে অভিযুক্তরাই আহত রাফিকে একটি অটোরিকশায় করে ঢামেকে নিয়ে যান, যেখানে তার অস্ত্রোপচার করা হয় এবং আইসিইউতে চিকিৎসা চলছিল।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরুতে এটিকে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হয়। তবে তদন্তে ভিন্ন তথ্য পায় পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানা যায়, হামলাকারীরা রাফির পূর্বপরিচিত।

পুলিশ আরও জানায়, ঘটনার সময় রাফি একা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সুযোগে অভিযুক্তরা তাকে আটকের চেষ্টা করে। তাতে ব্যর্থ হলে একপর্যায়ে পারভেজ একটি বড় ইটের টুকরো দিয়ে তার মাথায় আঘাত করে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পর্কিত