Advertisement Banner

জেডি ভ্যান্স এখন সুইজারল্যান্ডে

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
জেডি ভ্যান্স এখন সুইজারল্যান্ডে
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: রয়টার্স

ইরানের সাথে চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি বাস্তবায়নের আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আজ রোববার এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা। আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার জেরে ইরানি সামরিক বাহিনী হরমুজ প্রণালি ফের ‘বন্ধ করার’ কথা বললেও সুইজারল্যান্ডে সরাসরি আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে, বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রয়েছে।

ইরান বলেছে, লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী হামলার জবাবে প্রণালি বন্ধ করা হয়েছে, ওই হামলা যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের চুক্তির একটি লঙ্ঘন।

সুইজারল্যান্ডে আলোচনার উদ্দেশে শনিবার গভীররাতে ওয়াশিংটন ত্যাগ করেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আর ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ দেশটির প্রতিনিধি দল ইতিমধ্যে সেখানে পৌঁছেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় বিবিসিকে জানিয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আলোচনার শুরুতে উপস্থিত থাকবেন। পাকিস্তান যুদ্ধের অবসানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে; এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এক দফা আলোচনার আয়োজন করেছিল ইসলামাবাদ।

ওয়াশিংটন ত্যাগের আগে জেডি ভ্যান্স সাংবাদিকদের জানিয়েছেন, তিনি আশা করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং লেবাননে যুদ্ধবিরতি প্রসঙ্গে আলোচনায় অগ্রগতি হবে।

ভ্যান্স বলেন, “ইসরায়েল ও লেবানন—উভয় দেশই যাতে নিরাপদ ও সুরক্ষিত থাকে, সেজন্য আমাদের অবিরাম কাজ করে যেতে হবে। মূলত পুরো অঞ্চলকে নিরাপদ ও সুরক্ষিত করাই এর আসল উদ্দেশ্য।”

সম্পর্কিত