Advertisement Banner

গ্রেপ্তার এড়াতে পালাতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

বরিশাল প্রতিনিধি
বরিশাল প্রতিনিধি
গ্রেপ্তার এড়াতে পালাতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
ছবি: চরচা

বরিশালে গ্রেপ্তার এড়িয়ে পালাতে গিয়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে বরিশালের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাউনিয়ায় এ ঘটনা ঘটে।

নিহত নেতার নাম রাশেদ খান মেনন। তিনি বরিশাল ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

কাউনিয়া থানা পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা রাশেদ খান মেনন একাধিক রাজনৈতিক মামলার আসামি। এছাড়াও তিনি সরকার বিরোধী বিভিন্ন কার্যকলাপের সাথে জড়িত ছিলেন। রোববার দুপুরে তাকে গ্রেপ্তার করতে তার বাসায় কাউনিয়া থানা পুলিশের একটি দল যায়। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই রাশেদ আত্মগোপনে চলে যাওয়ায় তাকে গ্রেপ্তার না করেই ফিরে আসে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ গ্রেপ্তার করার জন্য এসেছে এমন খবরে রাশেদ তার ভবনের ছাদ থেকে প্রতিবেশী আওয়ামী লীগ নেতা আতিকের ভবনের ছাদে লাফ দিয়ে চলে যায়। পরবর্তীতে তিনি সেখান থেকে লাফিয়ে নিচে নামেন। এরপর তিনি একটি বাড়ির দেয়াল টপকিয়ে পার্শ্ববতী গোরস্থান থেকে প্রতিবেশী হিন্দু বাড়ির কাঁচা সড়ক দিয়ে দৌঁড়ে পালানোর সময় পা পিছলে পরে যান। এ সময় তিনি মাথায় আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের কাছ থেকে জানা যায় রাশেদ হৃদরোগে আক্রান্ত ছিলেন।

বড় ছেলে সাহেল বলেন, “ঘটনার সময় আমি বাড়ির বাইরে ছিলাম। বাবা পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে এমন খবর আমায় জানানোর পর এসে দেখি বাবাকে সিএনজিতে তোলা হচ্ছে। তারপর তাকে নিয়ে হাসপাতালে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত নাথ বলেন, “পুলিশ তাকে গ্রেপ্তার করতে বাসায় গিয়েছিল। তাকে বাসায় না পাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরে জানতে পেরেছি, তিনি মারা গেছেন।”

সম্পর্কিত