বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার বিভিন্ন পর্যায়ের বিরোধী দলীয় নেতৃবৃন্দ।
শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার ফেডারেল সিনেটর ডেব সারমা, নিউ সাউথ ওয়েলস লিবারেল পার্টির বিরোধী দলীয় নেতা ডেমেইয়েন টিউডহোপ এমপি, ছায়া মাল্টিকালচারাল মন্ত্রী মার্ক কুরি এমপি এবং হোলসওয়ার্দি আসনের এমপি টিনা আইয়ার্ড।
শোকবার্তায় তারা বলেন, খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন অত্যন্ত প্রভাবশালী, সাহসী ও আপসহীন নেতৃত্বের প্রতীক ছিলেন। দীর্ঘ সময় তিনি গণতন্ত্র, জনসেবা এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনস্বীকার্য। তার মৃত্যুতে শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক গণতান্ত্রিক অঙ্গণেও এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, বিএনপি নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে বিএনপির অস্ট্রেলিয়া শাখার সভাপতি মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ এক প্রতিক্রিয়ায় জানান, অস্ট্রেলিয়ার লিবারেল পার্টি ও দলটির নেতৃবৃন্দ গত ১৭ বছর ধরে বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার আন্দোলনে বিএনপির পাশে ছিলেন। তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রেও অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
খালেদা জিয়ার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সংগঠন ও ব্যক্তিত্ব তার রাজনৈতিক সংগ্রাম ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।