সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে দুজন নিহত হয়েছে। এতে আরও অন্তত ১২ জন আহত হয়েছে। নিহতদের একজন বাংলাদেশি, অন্যজন ভারতীয়।
গতকাল রোববার (৮ মার্চ) স্থানীয় সময় সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি কমপাউন্ডের ওই ভবনে ওই হামলা চালানো হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এসব তথ্য জানিয়েছে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে ইরানের ইসলামী রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছিল, তারা সৌদি আরবের আল খার্জসহ বিভিন্ন স্থানের রাডার ব্যবস্থা নিশানা করে হামলা চালিয়েছে। সেই আল–খার্জে দুজন নিহত হওয়ার কথা জানা গেল।
তার আগে গত মঙ্গলবার সৌদি আরবে মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন কনস্যুলেট ড্রোন হামলার শিকার হয়।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আমেরিকা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা শুরুর পর মধ্যপ্রাচ্যে আমেরিকান ঘাঁটি থাকা দেশগুলোতে পাল্টা হামলা চালিয়ে আসছে তেহরান। সৌদি আরবেও বিভিন্ন সময় হামলা চালিয়েছে ইরান।