Advertisement

দুবাইয়ে এনআরবি সিআইপি সম্মাননা

দুবাইয়ে এনআরবি সিআইপি সম্মাননা
ছবি: মাহবুব সরকারের মাধ্যমে প্রাপ্ত

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক ও পর্যটন কেন্দ্র দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে ‘এনআরবি সিআইপি সম্মাননা ২০২৬’ প্রদান অনুষ্ঠান।

Advertisement

গত মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মো. আবু সুফিয়ান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ, সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিপরিষদের সাবেক সদস্য ড. আব্দুল্লাহ আল কিন্ধি ও দুবাইয়ে নিয়োজিত বাংলাদেশের কনসাল জেনারেল রাশেদুজ্জামান।

ভার্চ্যুয়াল বক্তব্যে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, প্রবাসীরা আমাদের দেশের গর্ব ও অর্থনীতির অন্যতম শক্তি। তারা পরিবার-পরিজন ছেড়ে বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করছেন। তাদের পাঠানো রেমিট্যান্সে দেশের লাখ লাখ পরিবার উপকৃত হওয়ার পাশাপাশি জীবনযাত্রার মান উন্নত হচ্ছে।

Advertisement

প্রবাসীরা কেবল রেমিট্যান্স পাঠানোতেই সীমাবদ্ধ নন, বরং বিদেশের মাটিতে সফল ব্যবসা-বাণিজ্য পরিচালনা, শিল্প প্রতিষ্ঠান স্থাপন এবং আন্তর্জাতিক ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে দেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছেন বলে তিনি উল্লেখ করেন।

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্কের কথা স্মরণ করে মন্ত্রী দেশটির রাষ্ট্রপতি, সরকার প্রধান এবং আমিরাত সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ছবি: মাহবুব সরকারের মাধ্যমে প্রাপ্ত
ছবি: মাহবুব সরকারের মাধ্যমে প্রাপ্ত

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।

প্রবাসীদের কল্যাণে বর্তমান সরকারের নানা উদ্যোগ তুলে ধরে মন্ত্রী জানান, প্রবাসীদের মর্যাদা রক্ষা ও সঠিক পরিচয় নিশ্চিত করতে সরকার ‘প্রবাসী কার্ড’ চালুর একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়েছে, যার মাধ্যমে প্রবাসীরা যেকোনো সময় সহজে সরকারি সেবা ও সহযোগিতা লাভ করতে পারবেন।

সম্মাননাপ্রাপ্ত সিআইপিদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শুধু বাড়িঘর নির্মাণ নয়, শিল্প প্রতিষ্ঠান, কৃষি, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে আরও বেশি বিনিয়োগের মাধ্যমে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

ছবি: মাহবুব সরকারের মাধ্যমে প্রাপ্ত
ছবি: মাহবুব সরকারের মাধ্যমে প্রাপ্ত

এ ছাড়া, বিদেশের বাজারে বাংলাদেশি পণ্যের পরিধি বাড়াতে, বিদেশের বাজারে কর্মীর চাহিদা সম্পর্কে সরকারকে তথ্য দিয়ে সহায়তা করতে এবং সামাজিক উন্নয়নমূলক কাজে প্রবাসীদের সম্পৃক্ত থাকার উদাত্ত আহ্বান জানান তিনি।

মন্ত্রী প্রবাসীদের নিজ নিজ দেশের আইনকানুন মেনে চলার পরামর্শ দিয়ে বলেন, আপনাদের কাজের মাধ্যমে যেন দেশের সুনাম ক্ষুণ্ণ না হয়।

সম্মাননা অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়ে প্রবাসীদের মেধা, শ্রম ও বিনিয়োগকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।