আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির আগে নির্বাচন হবেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, “যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, ১৫ ফেব্রুয়ারির আগে নির্বাচন হবে এবং গণভোট ইস্যুতে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। কোন শক্তি এটিকে পেছাতে পারবে না।”
আজ শুক্রবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে এমন মন্তব্য করেন প্রেস সচিব শফিকুল আলম।
তিনি আরও বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল তাদের মত জানিয়েছে। আমরা এটিকে হুমকি হিসেবে দেখছি না। যেটা সবচেয়ে উত্তম প্রধান উপদেষ্টা সেটাই করবেন। আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের দিন জানাবেন।”
চব্বিশের গণঅভ্যুত্থানে নারীর ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, “স্বৈরাচার পতন ও গণঅভ্যুত্থানে পুরুষ ও নারীরা রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে। এখন নারীরা পিছিয়ে নেই। সব ক্ষেত্রেই তারা প্রতিনিধিত্ব করছে।”
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল এবং নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাঈল হোসেন।