২০২২ সালে বিশ্বকাপে খেলা দেখানোর নামে অর্থলোপাট হয়েছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানান, এবারের বিশ্বকাপে সরকার দেশের অর্থ অপচয় রোধ করেছে।
আজ রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
জহির উদ্দিন স্বপন জানান, বর্তমান সরকার কোনো মধ্যসত্ত্বভোগীর মাধ্যমে না গিয়ে সরাসরি ফিফার সঙ্গে যোগাযোগ করে মাত্র তিন দশমিক আট পাঁচ মিলিয়ন ডলারে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার সত্ত্ব কেনা হয়েছে।
মন্ত্রী বলেন, এ বছর সরাসরি ফিফার কাছ থেকে ফুটবল বিশ্বকাপের সম্প্রচার সত্ব কিনে দেশের চারটি প্রতিষ্ঠানকে বিক্রি করায় প্রায় সব টাকা উঠে গেছে। ৩ কোটি টাকা ঘাটতি থাকলেও তা উঠে যাবে বলে আশা করেন তিনি।
জহির উদ্দিন স্বপন বলেন, ভবিষ্যতে বিশ্বকাপ সম্প্রচার লাভজনক পর্যায়ে নিতে চায় সরকার। অথচ ২০২২ সালে এই খেলা দেখানোর জন্য আগের সরকারকে ব্যয় করতে হয় ৯৮ কোটি টাকা। কিন্তু বিজ্ঞাপন বাবদ আয় হয় মাত্র ৩ কোটি টাকা। অথচ মধ্যসত্বভোগী তমা গ্রুপ সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ১৩৭ কোটি টাকা বিক্রি করে।
যারা এই অর্থ লোপাটের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে এবং দুর্নীতি দমন কমিশনও (দুদক) প্রাথমিক অনুসন্ধান করছে বলে জানান তথ্যমন্ত্রী৷