রাজধানীর তেজগাঁওয়ের মহাখালী পাগলার পোল এলাকায় ট্রেনের ধাক্কায় ইমরান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল দিকে রেললাইন পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।
পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দুপুর সাড়ে ১১টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইমরানের বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কামারপুকুর গ্রামে। তার বাবার নাম পার্থ।
আহত অবস্থায় ইমরানকে হাসপাতালে নিয়ে আসা পরিচ্ছন্নতা কর্মী জানান, সকালে রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।