খুলনার হোটেল টাইগার গার্ডেনের একটি কক্ষে আগুন লেগেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
আজ শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সকালে হোটেলের ৫ তলার দক্ষিণ পাশের একটি কক্ষে আগুন ও ধোয়ার কুন্ডলী দেখতে পেয়ে তারা সোনাডাঙ্গা থানাকে বিষয়টি অবগত করে। পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যা পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে নেন।
সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থালে ছুটে আসি। ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে যুক্ত থেকে আগুন নেভানোর কাজ করতে থাকি। তবে কারো কোনো ক্ষতি হয়নি। ওই কক্ষে যিনি ভাড়া নিয়েছিলেন, তার ব্যাগটি আগুনে পুড়ে গেছে। এছাড়া আর কোনো ধরনের ক্ষতি হয়নি।
খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মাসুদ সরদার বলেন, ৯টা ১০ মিনিটের দিকে তারা অগ্নিকান্ডের সংবাদ পান। পরে আগুন নিয়ন্ত্রণের জন্য ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছায়। পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নেন।
মাসুদ সরদার আরও বলেন, হোটেল কক্ষের এসির ইনডোর থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে তার ধারণা। তবে এ ঘটনায় কোনো হতাহাতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান।