সিলেটের জকিগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে হেলাল উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের সুলতানপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল উদ্দিন জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের কাচারচক গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জকিগঞ্জের বাবুর বাজারে সাপ্তাহিক হাট থেকে গরু নিয়ে ফিরছিলেন এক ব্যক্তি। এ সময় একটি গরু হঠাৎ সড়কের মাঝখানে চলে আসে। পরে গরুটিকে বাঁচাতে গিয়ে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিহত হেলাল উদ্দিনসহ অন্তত সাতজন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হেলাল উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে তার মৃত্যু হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, নিহত হেলাল উদ্দিনের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।