মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ইউক্রেনে তাদের প্রথম আনুষ্ঠানিক সফর শেষ করে ফিরে গেছেন। মস্কো গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর কিয়েভ সফরে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠক করেছেন উইটকফ-কুশনার। তবে যে উদ্দেশ্যে তাদের রাশিয়া ও ইউক্রেন সফর, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করার সেই বিষয়ে তেমন অগ্রগতি হয়নি বলেই জানাচ্ছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
শনিবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে মার্কিন প্রতিনিধি দলটি কিয়েভ সফরে যায়। পুতিনের সঙ্গে অনুষ্ঠিত ওই বৈঠককে ক্রেমলিনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা অত্যন্ত ফলপ্রসূ হিসেবে অভিহিত করলেও যুদ্ধবিরতির প্রশ্নে কোনো বড় সাফল্যের খবর পাওয়া যায়নি।
পরদিন রোববার মার্কিন দূতদের সঙ্গে বৈঠক শেষে এক আয়োজিত সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, আসন্ন শীত সামনে রেখে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রসহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা এবং ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে একটি শীতকালীন প্যাকেজ নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, কিয়েভ এই ক্ষেত্রে ইউরোপীয় অংশীদারদের সমর্থনের পাশাপাশি প্রচুর পরিমাণে মার্কিন সহায়তা চাইছে। যুদ্ধের ব্যাপারে তিনি বলেন, “মনে হচ্ছে যুদ্ধ আরো চলবে।”
ইউক্রেনের রাষ্ট্রপতির দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তার মতে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধিরা ইউক্রেনের জন্য নতুন এবং আরও কার্যকর প্রস্তাব নিয়ে এসেছেন।
প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে মার্কিন দূতদের আলোচনার পর নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, “এখনকার প্রস্তাবটি অনেক বেশি ফলপ্রসূ।” তিনি আরো বলেন, “তারা এখনও আলোচনা চালিয়ে যাচ্ছেন। এটিই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখন আলোচনায় তিন পক্ষই রয়েছে।”
সোমবার ভোরে কিয়েভ থেকে মার্কিন প্রতিনিধিদলের বিদায়ের খবর নিশ্চিত করেছে ইউক্রেনের রেল কর্তৃপক্ষ।
মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, যুদ্ধ বন্ধে উভয় পক্ষকেই একটা সমঝোতায় আসতে হবে এবং ছাড় দিতে হবে। তিনি আরও বলেন, আমরা মনে করি সেই লক্ষ্যে পৌঁছানোর মতো মূল উপাদানগুলো আমাদের হাতে আছে এবং যত সময়ই লাগুক, আমরা এই প্রক্রিয়া চালিয়ে যেতে আগ্রহী।
অন্যদিকে আরেক মার্কিন দূত ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার বলেন, আশা করি এই সফরটি সামনে এগিয়ে যাওয়ার জন্য কিছু নতুন পথ তৈরি করেছে। এই সফর থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, মস্কোতে মার্কিন প্রতিনিধিরা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন, যা সামনের কয়েক সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হবে। ক্রেমলিন বলেছে, আমেরিকানরা সমাধান নিয়ে আলোচনা করেছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। উইটকফ বলেছেন, তিনি আশাবাদী যে মার্কিন মধ্যস্থতায় ইউক্রেন-রাশিয়া আলোচনার একটি নতুন পর্ব খুব শীঘ্রই ঘোষণা করা হবে।
পুতিন বারবার বলেছেন যে, মস্কো পূর্ব ইউক্রেনের বাকি অংশ দখল করতে চায়। অন্যদিকে জেলেনস্কি জোর দিয়ে বলেছেন যে, রাশিয়াকে তার আগ্রাসনের জন্য পুরস্কৃত করা উচিত নয়।