চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে ‘শাটডাউন‘ কর্মসূচি পালন করছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে ক্লাস বর্জন করে তারা এই কর্মসূচি শুরু করেন।
শাটডাউন কর্মসূচির কারণে এদিন সকাল থেকে চুয়েটে ক্লাস, পরীক্ষা, একাডেমিক ও প্রশাসনিক র্কাযক্রম বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে প্রধান ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন চুয়েটের শিক্ষার্থীরা। এ সময় তারা উপার্চায পরিবর্তনের বিরুদ্ধে শ্লোগান দেন।
আন্দোলনে অংশ নেওয়া যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব হাসান চরচাকে বলেন, “পূর্ব কোনো কারণ দর্শানো ছাড়াই বর্তমান উপার্চায স্যারকে সরিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে গতকাল রাত থেকেই আমাদের প্রতিবাদ কর্মসূচি চলছে। এর ধারাবাহিকতায় আজ আমরা ক্যাম্পাসে ‘শাটডাউন’ কর্মসূচি করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ কর্মসূচি চলবে।”
চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম চরচাকে বলেন, “শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচির কারণে ক্যাম্পাসে কোনো ধরনের ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম হচ্ছে না। ক্যাম্পাসের পরিস্থিতি এখনো স্বাভাবিক আছে।”
গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় সোমবার এক প্রজ্ঞাপনে ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এ সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার রাতে শিক্ষার্থীরা বিক্ষোভ করে উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন।