ফিলিপাইনের একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারীও রয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার দক্ষিণ ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরে এ হামলার ঘটনা ঘটে। জুনের পর এ নিয়ে তিনবার দেশটির স্কুলে প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনা ঘটল।
একজন দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মী কাতারভিত্তিক সংবাদমাধ্যম আর জাজিরাকে জানান, নিহত অন্য দুজন শিক্ষার্থী। তিনি আরও জানান, আহত কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত আটজনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। হামলায় আহত ও নিহত সবাই ১৪ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থী ছিলেন।
দক্ষিণ কোতাবাতোর গভর্নর রেইনালদো তামায়ো বলেন, হামলার পর ১৬ বছর বয়সী সন্দেহভাজন নিজের ওপরও গুলি চালায়। পরে রয়টার্সের বরাত দিয়ে মেয়র জানান, হামলাকারীও মারা গেছেন। তবে কতজনে হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
মেয়র তামায়ো জানান, পরিস্তিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
দেশটিতে সাম্প্রতিক মাসগুলোতে আরও দুটি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছিল। এর কয়েক সপ্তাহ পর স্কুলের নিরাপত্তা বাড়াতে দেশজুড়ে বন্দুক হামলার পরিস্থিতি মোকাবিলার মহড়া চালানো হয়। তারপরই এই হামলার ঘটনা ঘটল।