কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও ‘আলোচিত’ অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে নিজ নিজ বাসা থেকে তাদের আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন) উপ কমিশনার মো. আকতার হোসেন নুরুল ইসলাম নাহিদকে আটকের তথ্য চরচাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বুধবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে উত্তরায় নিজ বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে আটক করা হয়।
আকতার হোসেন বলেন, ‘‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আটকের পর এসব মামলাসহ সংশ্লিষ্ট আইনি বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে।’’
এদিকে, গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর তুরাগের ১৮ সেক্টরের একটি বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম তাকে আটকের তথ্য নিশ্চিত করেছেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্ক তৈরি হয়। জ্যোতিকা জ্যোতির নামও ওই গ্রুপের সদস্যদের তালিকায় ছিল।
শফিকুল ইসলাম বলেন, ‘‘জ্যোতি এখন ডিবি অফিসে আছে। তিনি চব্বিশে নাশকতা ছড়ানোর জন্য আওয়ামী পন্থীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলেন।’’
তবে কী অভিযোগ বা কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে কিনা তা প্রাথমিকভাবে জানাতে পারেননি শফিকুর ইসলাম।