ভারতের আসাম রাজ্যে নারী ও শিশুসহ ২৭ জন বাংলাদেশি আটক হয়েছেন। এই বাংলাদেশিদের কাছে ভারতে প্রবেশ এবং অবস্থানের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে আসাম পুলিশ।
ভারতের গুয়াহাটি এবং কামরূপ জেলার রঙ্গিয়া শহর থেকে তাদের আটক করা হয়েছে তাদের। পুলিশ কর্মকর্তারা বলেছেন, আইনী প্রক্রিয়া শেষে এই বাংলাদেশিদের ফেরত পাঠানো হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
আসাম সীমান্ত পুলিশের উপ-কমিশনার কুলেন্দ্রনাথ ডেকা এনডিটিভিকে জানান, বুধবার গুয়াহাটি এবং রঙ্গিয়ায় পৃথক অপারেশন চালিয়ে এই বাংলাদেশিদের আটক করা হয়েছে। প্রথমে গুয়াহাটি থেকে ১২ জনকে আটক করা হয়।
স্থানীয় সূত্র থেকে পাওয়া তথ্যে ভিত্তিতে আসাম রাজ্য সরকারের অধীন পরিবহন পরিষেবা সংস্থা আসাম স্টেট ট্রান্সপোর্ট করপোরেশন (এটিসিটি) চত্বর থেকে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, তাদের আর একটি গ্রুপ জম্মু-তাবি এক্সপ্রেস ট্রেনে চেপে জম্মু-কাশ্মির যাচ্ছে।
এই তথ্য পাওয়ার পর রেলওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করে সীমান্ত পুলিশ। প্রয়োজনীয় তথ্য জানার পর রঙ্গিয়া স্টেশনের কাছে ট্রেনটি থামিয়ে বাকি ১৫ বাংলাদেশিকে আটক করা হয়।
ভারতীয় কর্মকর্তারা জানান, আটক এই বাংলাদেশিদের মধ্যে ঢাকা, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা এবং ময়মনসিংহের লোকজন রয়েছে। তাদের একজনের কাছেও ভারতের প্রবেশ বা অবস্থান সংক্রান্ত কোনো বৈধ-অবৈধ নথি পাওয়া যায়নি।
কুলেন্দ্রনাথ ডেকা বলেন, “এই বাংলাদেশিরা কাজের সন্ধানে ভারতে এসেছিল। কোনো নথি না থাকায় তাদের নামে একটি মামলা করা হবে। এ ঘটনায় তদন্ত চলবে।”