যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ৪৩৫টি এবং সিনেটের ১০০টির মধ্যে ৩৫টি আসনে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ শেষে নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করবে। তবে চূড়ান্ত ফল জানতে কয়েক দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। খবর আল জাজিরার।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির কাছ থেকে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে লড়ছে ডেমোক্র্যাটরা।
আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকার ফলাফল জানা যাবে। তবে কিছু আসনের ফল বুধবার কিংবা তার পরও প্রকাশিত হতে পারে। কারণ, বিভিন্ন অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন কর্মকর্তারা ভোট গণনা ও ফল প্রকাশের প্রক্রিয়া শুরু করবেন।
নির্বাচন কর্মকর্তারা ব্যালট যাচাই ও গণনার অগ্রগতির সঙ্গে সঙ্গে ভোটের হিসাব প্রকাশ করেন। এরপর সংবাদমাধ্যমগুলো ফল বিশ্লেষণ করে কোনো প্রার্থীকে বিজয়ী ঘোষণা করতে পারে। তবে প্রাথমিকভাবে প্রকাশিত ভোটের সংখ্যা দেখেই কোনো আসনে বিজয়ী নির্ধারণ করা সম্ভব হবে না।
ক্যালিফোর্নিয়া, নেভাদা, অ্যারিজোনা, আলাস্কা, মেইন ও ওয়াশিংটন অঙ্গরাজ্যে ফল প্রকাশে দেরি হতে পারে। এসব রাজ্যে ডাকযোগে ভোট, স্বাক্ষর যাচাই এবং পছন্দক্রমভিত্তিক ভোট গণনার মতো কারণে সময় বেশি লাগে। অন্যদিকে ফ্লোরিডা, ওহাইও, নর্থ ক্যারোলাইনা ও পেনসিলভানিয়ায় তুলনামূলক দ্রুত ফল আসতে পারে।
প্রতিদ্বন্দ্বিতা হাড্ডাহাড্ডি হলে কোনো আসনের ফল নির্ধারণে কয়েক ঘণ্টা, এমনকি কয়েক দিনও লেগে যেতে পারে। ফলে রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে, নাকি ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ কিংবা সিনেটের এক বা উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, তা নিশ্চিত হতে কয়েক দিন অপেক্ষা করতে হতে পারে।