ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মঙ্গলবার রাজধানীর মিরপুর এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরিস্থিতি বিবেচনায় যাত্রীদের নিরাপত্তায় প্রায় দুই ঘণ্টা মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশনে ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। খবর বার্তা সংস্থা ইউএনবির।
এমআরটি পুলিশের কন্ট্রোল রুমের বরাত দিয়ে ইউএনবি জানায় জানিয়েছে, পরিস্থিতির উন্নতি হলে দুপুর ১২টা ১৫ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, টানা চতুর্থ দিনের মতো আজ মঙ্গলবারও পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলে। সকাল ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুর-১১ এলাকায় সড়কে নেমে অবরোধ করেন। পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।