সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে ৫০টি উচ্চক্ষমতার বিস্ফোরক, ৪৮টি ডিটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার সকালে বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ৪৮ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ এসব তথ্য জানান।
নূর উদ্দিন জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবির এই কর্মকর্তা বলেন, “পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া এসব বিস্ফোরক অত্যন্ত উচ্চমাত্রার বিস্ফোরণ ঘটাতে সক্ষম। সম্প্রতি পরিচালিত অভিযানে ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ৫০টি পাওয়ার জেল বিস্ফোরক, ৪৮টি ডেটোনেটর এবং ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করা হয়েছে।”
নূর উদ্দিন জানান, পাচারের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা এসব বিস্ফোরক কোনো ধরনের নাশকতায় ব্যবহারের জন্য পাচার করা হচ্ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি চোরাচালানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের তালিকা হালনাগাদ এবং তাদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।