Advertisement

‘জয় বাংলা’ স্লোগানে বিএনপি নেতার বাড়িতে গুলি, শিশুসহ গ্রেপ্তার ৮

‘জয় বাংলা’ স্লোগানে বিএনপি নেতার বাড়িতে গুলি, শিশুসহ গ্রেপ্তার ৮
খুলনায় ওয়ার্ড বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণ। ছবি: চরচা

খুলনা নগরীতে ওয়ার্ড বিএনপির এক নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনার সাথে জড়িত অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে নগরীর লবণচরা থানার হরিণটানা রিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

Advertisement

গ্রেপ্তাররা হলো— রাজ, ফাহিম খান, আরাফাত ইসলাম নাহিদ, ইয়ামিন শেখ, সুজন ইসলাম, মহারাজ মোল্লা, মোহাম্মদ আলী এবং মো. শুভ ইসলাম। আসামিদের মধ্যে ৬ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় খুলনা শিশু আদালত-১-এর বিচারক মো. আসাদুল্লাহ তাদের যশোর কিশোর উন্নয়ন কেন্দ্র (বালক)-এ পাঠানোর নির্দেশ দেন। অন্য দুইজন প্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত শুক্রবার বিকেলে নগরীর ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলমের টুটপাড়াস্থ বাড়িতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একদল দুর্বৃত্ত হামলা চালায়। হামলাকারীরা বিএনপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণ করে এবং বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর করে। ওই দিনই মঞ্জুরুল আলম বাদী হয়ে খুলনা সদর থানায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করেন।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হাকিম জানান, ঘটনার পরপরই পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Advertisement

এদিকে গ্রেপ্তারদের মধ্যে কিশোর ইয়ামিন শেখ দাবি করে, শুক্রবার দুপুরে মসজিদের নামাজ শেষে ‘আলী’ নামে এক পরিচিত ব্যক্তি তাদের বিরিয়ানি খাওয়ানোর কথা বলে টুটপাড়া এলাকায় নিয়ে যায়। সেখানে দুর্বৃত্তরা মঞ্জুরুলের বাড়িতে হামলা ও গুলিবর্ষণ শুরু করলে তারা ভয়ে স্থান ত্যাগ করে। তারা কোনো অপরাধের সাথে সরাসরি যুক্ত ছিল না।