মিনিয়াপোলিসে মুসলিম কংগ্রেস নারী সদস্য ইলহান ওমরের ওপর হামলা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
মিনিয়াপোলিসে মুসলিম কংগ্রেস নারী সদস্য ইলহান ওমরের ওপর হামলা
মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য ইলহান ওমর। ছবি: রয়টার্স

আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে বৈঠকের সময় দেশটির প্রতিনিধি পরিষদের সদস্য ইলহান ওমর হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার টাউন হল বৈঠক চলাকালে তার দিকে তরল পদার্থ স্প্রে করেন অজ্ঞাত এক ব্যক্তি। তবে নিরাপত্তাকর্মী ও উপস্থিত দর্শকরা সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলেন।

ইলহান ওমর সোমালি বংশোদ্ভূত প্রথম নারী, যিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। মিনেসোটা থেকে প্রতিনিধি পরিষদের সদস্য হয়েছেন তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামলায় ইলহান ওমর আহত হননি। কী ধরনের তরল স্প্রে করা হয়েছিল বা হামলাকারীর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়েছে কি না, এ বিষয়ে কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি। হামলাকারীকে কক্ষ থেকে বের করে দেওয়ার পর ইলহান ওমর বৈঠক চালিয়ে যান।

হামলার কিছুক্ষণ আগেই ইলহান ওমর যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সংস্থা বিলুপ্ত করার দাবি জানান এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সচিব ক্রিস্টি নোয়েমের পদত্যাগ আহ্বান করেন। ওমর বলেন, ‘আইসিইকে সংস্কার করা সম্ভব নয়।’

মিনিয়াপোলিস পুলিশ বিভাগ এ ঘটনার বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি এবং কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়েও কিছু জানায়নি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীকে যখন মাটিতে চেপে ধরে তার হাত পেছনে বেঁধে ফেলা হয়, তখন দর্শকরা উল্লাস করতে থাকেন। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) প্রকাশিত একটি ভিডিওতে জনতার ভেতর থেকে একজনকে বলতে শোনা যায়, “হে ঈশ্বর, সে তার (ইলহান ওমর) ওপর কিছু স্প্রে করেছে।”

গত ডিসেম্বরে মিনেসোটায় বসবাস করা সোমালি অভিবাসীদের নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তাদের ‘আবর্জনা’ বলেছিলেন। পাল্টা জবাবে ডেমোক্রেটিক দলীয় কংগ্রেস সদস্য ইলহান ওমর বলেন, তার প্রতি ডোনাল্ড ট্রাম্পের আসক্তি বিরক্তিকর।

সম্পর্কিত