রাজধানী ঢাকায় ভোর থেকেই হচ্ছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। এতে শহরের বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে যানবাহনের গতি কিছুটা ধীর হয়ে পড়েছে। সকাল থেকেই অনেকে ছাতা ও রেইনকোট সঙ্গে নিয়ে বের হতে দেখা গেছে।
আজ মঙ্গলবার শুধু ঢাকাই নয়, দেশের কয়েকটি বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় সক্রিয় থাকায় বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।
এদিকে, আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।